হেরে রেফারিকে দোষারোপ সিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভারটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে সার্জিও আগুয়েরোর একটি প্রচেষ্টা। ছবি: এএফপি।
এভারটনের বিপক্ষে লিগ কাপের ম্যাচে সার্জিও আগুয়েরোর একটি প্রচেষ্টা। ছবি: এএফপি।

লিগ কাপ সেমির প্রথম লেগে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে তারা এভারটনের কাছে ২-১ গোলে হেরে কিছুটা চ্যালেঞ্জের মধ্যেই পড়ে গেছে। ঘরের মাঠে দ্বিতীয় লেগের খেলাটা এখন সিটির জন্য বাঁচা-মরারই।
ম্যাচে রামিরো ফুনেসের গোলে প্রথমে, এগিয়ে গিয়েছিল এভারটনই। সিটির জেসাস নাভাস দলকে সমতায় ফেরালেও রোমেলু লুকাকুর দ্বিতীয়ার্ধে গোল জয় নিশ্চিত করে এভারটনের। ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অবশ্য এভারটনের প্রথম গোলটি নিয়ে প্রশ্ন তুলেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, গোলটি হওয়ার সময় অফসাইডে দাঁড়িয়ে ছিলেন লুকাকু। কিন্তু রেফারি-লাইন্সম্যানের চোখ এড়িয়ে এভারটনকে এগিয়ে দেন ফুনেস। রেফারি তাঁর দলকে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছে দাবি করেও ক্ষোভ প্রকাশ করেন।
রেফারিং নিয়ে সমালোচনা করলেও দলের এই হারে হতাশাই ঝরেছে সিটি কোচের কণ্ঠে, ‘আমি আসলে এই হারে খুবই হতাশ। এই ম্যাচটা আমরা হেরে যাব, সেটা ভাবিনি। ম্যাচে হেরে গেলে হতাশ হওয়া ছাড়া তো আর কিছুই করার থাকে না। রেফারির দুটি সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গেছে। এভারটনের প্রথম গোলের সময় লুকাকু আমাদের গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে ছিল। রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে তা। নাভাসের বিপক্ষে একটি ন্যায্য পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছি আমরা।’
২-১ গোলে হেরে গেলেও আগামী ২৭ জানুয়ারি ঘরের মাঠে দ্বিতীয় লেগ জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী পেলেগ্রিনি, ‘আমরা আজ হেরেছি ঠিকই, কিন্তু দ্বিতীয় লেগ জিতে লিগ কাপ ঘরে তোলার সব সামর্থ্যই আমাদের আছে।’
এভারটনের এই জয়ে দারুণ ভূমিকা ছিল গ্যারেথ বেরির। মধ্যমাঠের এই ফুটবলারের অসামান্য নৈপুণ্য কাল সিটির বিপক্ষে এভারটনকে এগিয়ে রেখেছিল অনেকটাই। ম্যাচ শেষে এভারটন ম্যানেজার রবার্টো মার্টিনেজ  ব্যারিকে ইংলিশ ফুটবলেরই অন্যতম সেরা মধ্যমাঠ তারকা হিসেবে অভিহিত করেছেন, ‘আমার মনে হয় ব্যারির ব্যারি সব সময়ই অবমূল্যায়িত। সে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার, অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাঁর মধ্যে যে পেশাদারির উচ্চমান দেখি, সেটা খুব কম খেলোয়াড়ের মধ্যেই আমি দেখেছি।’ সূত্র: এএফপি।