এতটা হয়তো অনেকেই ভাবেননি। আবাহনীকে হারিয়ে দেবে আরামবাগ! অতীতে যদিও এই কাজটা অনেকবারই করেছে মতিঝিল ক্লাব পাড়ার দলটি, কিন্তু সেই আরামবাগ তো আর নেই! শীর্ষ ফুটবলে আবার ফিরে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। অথচ কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগ যেন সেই পুরোনো আরামবাগ। আবাহনীকে হারিয়ে দিয়ে শুরুতেই তারা জমিয়ে তুলল ফেডারেশন কাপ!
২৬ মিনিটে গোল খেয়ে আর ম্যাচে ফিরতে না পারা আবাহনীর জন্য বড় ব্যর্থতা। এত বড় বাজেটের দল হলেও ম্যাচটা অন্তত ড্র তারা করতেই পারত। সেই সুযোগও এসেছে কয়েকবার। গোল শোধের জন্য মরিয়া হয়ে দুই প্রান্ত দিয়ে বেশ কয়েকবার আক্রমণ গড়েও গোল পায়নি।
সানডে, কামরা, লি টাকরা লক্ষ্যভেদে এমনই ব্যর্থ যে, অরামবাগের গোলরক্ষক মিতুল হাসানকে তেমন পরীক্ষাই দিতে হয়নি। কেস্টার আকনের কাছ থেকে বল পেয়ে মোহাম্মদ আবদুল্লাহ যেভাবে প্লেসিং করে আবাহনীর গোলরক্ষক সোহেলকে পরাস্ত করলেন, সেটি হয়ে রইল ম্যাচের সেরা মুহূর্ত। প্রতি-আক্রমণেও দারুণ দেখাল জয়ের নেশায় উদ্দীপ্ত আরামবাগকে। তবে আবাহনীর ডিফেন্ডার আরিফ লাল কার্ড দেখায় শেষ ২৪ মিনিট ১০ জনের প্রতিপক্ষকে পেয়েও গোল বাড়াতে পারেনি আরামবাগ।
প্রথম ম্যাচেই শেষ আটের পথে পা ফেলল আরামবাগ, আর অনিশ্চিত হয়ে গেল আবাহনীর পথচলা। দ্বিতীয় শেষ ম্যাচে ফেনী সকারের সঙ্গে না জিততে পারলে তাদের সম্ভাবনা ক্ষীণ। আবাহনীতে ফিরে এসে প্রথম ম্যাচেই দলের হার দেখা কোচ জর্জ কোটানের জন্য হতাশার। এই হতাশা থেকে বেরোনোই এখন বড় চ্যালেঞ্জ এই অস্ট্রিয়ান কোচের।