হেরেই চলেছে শেখ রাসেল

দুঃস্বপ্নের ঘেরাটোপ থেকে কিছুতেই বের হতে পারছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রিমিয়ার ফুটবল লিগে হেরেই চলেছে দলটি। এবার সবচেয়ে বড় বাজেটের দল গড়েও মৌসুমে টানা পঞ্চম হার শেখ রাসেলের পথচলায় বিছিয়ে দিয়েছে বিস্তর কাঁটা। এর মধ্যে লিগের প্রথম চারটিতেই হেরে গতবারের রানার্সআপরা আরও খাদের কিনারে চলে গেছে।
চট্টগ্রামে উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হার দিয়ে নীল জার্সিধারীদের এবারের প্রিমিয়ার লিগ যাত্রা শুরু। দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জের কাছে ২-০, তৃতীয় ম্যাচের চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ এবং আজ ময়মনসিংহ স্টেডিয়ামে শেখ রাসেলকে চতুর্থ হারের হতাশায় ডুবিয়েছে ফেনী সকার (২-০)। সুযোগ কাজে লাগিয়ে সকারের গোল দুটি করেছেন থুরাম ফ্রাঙ্ক ও চৌম্রিন রাখাইন। শেখ রাসেলের ফরোয়ার্ডরা সুযোগ পেয়েও হেলায় হারিয়ে দলের জন্য ডেকে এনেছেন বিপদ।
এ মৌসুমে সবচেয়ে বড় বাজেটের দল গড়েও টানা হার। হতাশ শেখ রাসেলের কোচ মারুফুল হক এ জন্য খেলোয়াড়দেরই দুষছেন, ‘খেলোয়াড়েরা খেলতে পারেনি। তাই হেরে গেলাম।’ টানা হারে শিরোপা লড়াইয়ে থাকার আশাও বাদ দিয়েছেন মারুফ,‘ এখন চ্যাম্পিয়ন হওয়ার আশা আমি বাদই দিয়েছি।’