হেরেই বিদায় আবাহনীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসম্ভব একটা লক্ষ্য নিয়ে কাল কিংস কাপে খেলতে নেমেছিল আবাহনী। ৬ গোলের ব্যবধানে পুনে এফসিকে হারাতে পারলে তবেই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পারত আকাশি নীলরা। কিন্তু জয় দূরে থাক, ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ই নিয়েছে আবাহনী।
৮৫ মিনিট পর্যন্ত পুনে এফসিকে আটকে রেখেও শেষ পাঁচ মিনিটে আবাহনী হজম করেছে দুই গোল। প্রথম গোলটা লারেমপুইয়ার, শেষ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করলেন লুসিয়ানো। গ্রুপে চারটি ম্যাচই জিতল পুনে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা শেষ চারে, গ্রুপ রানার্সআপ নেপালের মানাং মার্সিয়াংদি।
চার ম্যাচে এক জয়, এক ড্র ও দুই হার। ভুটানের এই টুর্নামেন্ট মোটেও ভালো কাটেনি অমলেশ সেনের দলের। বাংলাদেশের আরেক প্রতিনিধি শেখ জামাল দুই ম্যাচে এক জয় এক ড্রয়ে সেমির দৌড়ে আছে। আগামীকাল শেখ জামালের শেষ গ্রুপ ম্যাচ কলকাতা মোহনবাগানের সঙ্গে।