হেরেই বিদায় নিল ভেনেজুয়েলা

কারিলোর গোল ব্যবধান গড়ে দিল।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দলের মধ্যে চার দলই খেলবে কোয়ার্টার ফাইনালে। কোপা আমেরিকার এবারের নিয়মটা শুরুর দিকের ম্যাচগুলো পানসে করে দিয়েছিল। সে নিয়মটাই আজ বেশ জমজমাট এক দিন উপহার দিল। একদিকে ব্রাজিল ও ইকুয়েডর মাঠে নেমেছিল, ওদিকে পেরু ও ভেনেজুয়েলা।
 
ব্রাজিল আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু আজকের ম্যাচ দুটির ওপর বাকি তিন দলেরই ভাগ্য দুলছিল। এমন ম্যাচে অবশ্য সমীকরণ নিয়ে মাথা খুব বেশি ঘামাতে দেয়নি ভেনেজুয়েলা। পেরুর বিপক্ষে ১–০ ব্যবধানে হেরে গিয়ে নিজেদের বিদায় নিশ্চিত করেছে লাতিন আমেরিকায় সবচেয়ে পিছিয়ে থাকা দলটি।

ভেনেজুয়েলাকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে গেল পেরু।
ছবি: টুইটার

প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। তখন হাসি নিয়েই মাঠ ছেড়েছিল ভেনেজুয়েলা। সমীকরণ ছিল এমন, সমান ২ পয়েন্ট নিয়ে দুইদিকে ম্যাচ খেলতে নামা ভেনেজুয়েলাকে ইকুয়েডরের চেয়ে ভালো ফল পেতেই হবে। গোল ব্যবধানে যে পিছিয়ে ছিল ভেনেজুয়েলা। নিজেরা একদিকে ড্র করছে পেরুর সঙ্গে, ওদিকে ব্রাজিলের বিপক্ষে ৩৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইকুয়েডর।

এই স্বস্তি দ্বিতীয়ার্ধের শুরুতেই উধাও। ৪৭ মিনিটে আচমকা গোল চলে এল। কর্নার থেকে ফাঁকায় বল পাওয়া উইঙ্গার আন্দ্রে কারিলোর ওই গোলে স্বস্তি ফিরে পেল পেরু। কারণ, অবস্থানে দুইয়ে থাকলেও আজ দুই ম্যাচের ফল এদিক-ওদিক হলে বাদ পড়ার শঙ্কায় ছিল পেরুও!

আজ ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচ জিতলে তাদের পয়েন্ট ৫ হয়ে যেত। ওদিকে পেরুর সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল কলম্বিয়াই।

সবার আগে বিদায় নিল ভেনেজুয়েলা।
ছবি: টুইটার

৪৭ মিনিটের গোলটি পেরুর জন্য স্বস্তি হয়ে এসেছে। ওদিকে ভেনেজুয়েলার দুঃখ বাড়িয়েছে ব্রাজিলের রক্ষণ। ৫৩ মিনিটে ইকুয়েডর সমতায় ফেরায় পয়েন্ট টেবিলে তলানিতে ঠাঁই হয় ভেনেজুয়েলার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তখন জিততেই হতো ভেনেজুয়েলাকে। আর সেজন্য অন্তত দুই গোল করতে হতো তাদের। কিন্তু আক্রমণে ধারহীন ভেনেজুয়েলা একটি গোলও বের করতে পারেনি।