অধিনায়ক মামুনুল ইসলাম চেয়েছিলেন ড্র। কোচ ফাবিও লোপেজ জয়। দুটোর কোনোটিই হয়নি। কিরগিজস্তানের কাছে যথারীতি হেরেছে বাংলাদেশ। বিশকেকে এবারের হারটা ২-০ ব্যবধানে।
সেই দুই গোলের দ্বিতীয়টি ৮৮ মিনিটে। গোলদাতা ইলদার আমিরভ। যার অর্থ, শেষ দিকে গোল খাওয়ার বাতিকটা রয়েই গেছে। জার্মানিতে খেলা ভিতালিজ লুক্স প্রথম গোল এনে দেন ২৯ মিনিটে। পরপরই মুজায়েভের শট রুখে দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক সোহেল।
প্রথমার্ধে প্রাধান্য নিয়ে খেলেছে স্বাগতিক দলই। বল পজিশনে কিরগিজরা এগিয়ে ৬১: ৩৯। দ্বিতীয়ার্ধে সেটা দাঁড়িয়েছে ৫৬: ৪৪। এ অর্ধে তুলনামূলক ভালো খেলেছে বাংলাদেশ। ৬০ মিনিটে অধিনায়ক মামুনুলের দুর্দান্ত শট বাঁচিয়েছেন কিরগিজ গোলরক্ষক। এই মামুনুলই প্রথমার্ধে বক্সের বিপজ্জনক জায়গায় পাওয়া ফ্রি-কিক পোস্টে রাখতে পারেননি। প্রথমার্ধে বাংলাদেশের সুযোগ বলতে ওটাই।
বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজদের কাছে ১১ জুন ঢাকায় হারটা ছিল ৩-১ গোলে। সে ম্যাচের একাদশে কাল সাতটি পরিবর্তন। যেখানে প্রথাগত ডিফেন্ডার মাত্র তিনজন। কোচ আসলে মাঝমাঠটা শক্তিশালী করেছেন। এমিলি না থাকায় অভিষেক হয়েছে তরুণ স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের। নতুন কোচ, নতুন ছক। মামুনুলকে প্লে-মেকারের জায়গা থেকে সরিয়ে মাঝমাঠে ডানে খেলানো, রনি-কোমলকে মাঝমাঠে আনলেন অনুমিতভাবেই। এত কিছুর পরও বাংলাদেশ দল নিয়ে নতুন কোচের যাত্রাটা হলো হার দিয়েই।
তবে ‘ভদ্রস্থ’ এই হারে লোপেজ মোটেও অখুশি নন। বরং ইতালিয়ান কোচ বেশ আশাই দেখছেন বাংলাদেশ দল নিয়ে। দুটি গোল হজম তাঁর চোখে ‘ব্যাড গোল’। বিবেচনায় নিয়েছেন বিশকেকের তীব্র ঠান্ডা, যা নিয়ে অনেক কথা হয়েছে ম্যাচের আগে। প্রতিকূল পরিবেশে অনেকে বিপর্যয়ের আশঙ্কাও করছিলেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। দলের সামগ্রিক পারফরম্যান্সে তাই খুশিই আছেন লোপেজ, ‘ছেলেরা আজ খুব ভালো খেলেছে। অস্ট্রেলিয়া ও জর্ডান ম্যাচ থেকে অবশ্যই ভিন্ন চেহারায় ছিল এই দল। রক্ষণে একবারও সমান্তরাল রেখাটা ভাঙেনি। ৯০ মিনিট গোটা দল একই গতিতে খেলেছে। ভুলে যাবেন না, এই বিশকেকে কিরগিজস্তানকে হারাতে ঘাম ঝরেছিল অস্ট্রেলিয়ার (২–১)।’
মামুনুলের জায়গাবদল নিয়ে অনেক কথা হয়েছে ম্যাচের আগে। কিন্তু নিজের পরিকল্পনা অনুযায়ীই অধিনায়ককে ব্যবহার করেছেন ম্যাচে। তা মামুনুল কেমন করলেন? বিশকেক থেকে লোপেজের উত্তর, ‘নট ব্যাড’। সঙ্গে যোগ করলেন, ‘ওর জায়গাবদল দলের জন্যই ভালো। তবে ওকে আরও পরিশ্রম করতে হবে।’ অভিষিক্ত স্ট্রাইকার জীবন সম্পর্কে তাঁর মুখে প্রথম দুটি শব্দই এমন, ‘গ্রেট, গ্রেট’। তারপর হাসতে হাসতে বললেন, ‘আমার মনে হয় মাঠে সে ১২ কিলোমিটার দৌড়েছে। নিজের প্রতি যত্নশীল হলে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ হতে পারবে।’ মাঠে এদিন বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় ছিলেন কে? ‘আলাদা করে কারও নাম বলব না, সবাই ভালো করেছে’—বলছিলেন লোপেজ।
বাংলাদেশ দল দেশে ফিরছে আগামীকাল। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের পঞ্চম ম্যাচ ১২ নভেম্বর তাজিকিস্তানের সঙ্গে।
বাংলাদেশ দল: সোহেল, নাসিরুল (রেজাউল), তপু, রায়হান, জামাল, কোমল, রাজু, হেমন্ত (জুয়েল রানা), রনি (তকলিচ), মামুনুল ও জীবন।