হেরেও অর্থ পুরস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ড নারী ফুটবল দল ছবি: সংগৃহীত
থাইল্যান্ড নারী ফুটবল দল ছবি: সংগৃহীত

সাধারণত বড় কোনো বিজয়ের পর অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু কোনো দল যদি ৫-০ গোলে হারার পরও হাতে পুরস্কারের অর্থ পেয়ে যায়, সেটা সবাইকে একটু অবাক করেই। এমনই অবাক-কাণ্ডের জন্ম দিয়েছে থাইল্যান্ড ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে গতকাল স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কাছে হারের পরও বিরাট অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে পাচ্ছে থাই নারী ফুটবল দল।

কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও কেবল দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের কারণেই এই পুরস্কারটা পেয়ে যাচ্ছে থাইল্যান্ড নারী দল। থাই ফুটবল ফেডারেশনের সভাপতি ওরাউই মাকুদি বলেছেন, ‘প্রধমার্ধে বেশ কিছু বাজে গোল খেয়েছে আমাদের দল। দ্বিতীয়ার্ধে কিন্তু তারা দুর্দান্ত খেলেছে। সে কারণে প্রতিশ্রুত অর্থের কিছু অংশ তারা পাবে।’

বলা হয়নি, থাইল্যান্ড নারী ফুটবল দলকে প্রণোদনা দিতে থাই ফুটবল সভাপতি আগেই একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ ‘বোনাস’ হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কোরিয়ার বিপক্ষে এই ম্যাচটি জিততে পারলে দলটি এমনিতেই ২ লাখ বাথ (থাই মুদ্রা) পুরস্কার হিসেবে পেত। কিন্তু পাঁচ গোলে হারলেও দ্বিতীয়ার্ধে ভালো খেলার জন্য এই অঙ্কের অর্ধেকটা তাদের দেওয়া হচ্ছে।

নারী ফুটবল দলকে নিয়ে এমনিতেই প্রত্যাশার কমতি নেই থাইল্যান্ডে। দেশটিতে নারী ফুটবলাররাও যথেষ্ট জনপ্রিয়। সবচেয়ে বড় কথা, থাইল্যান্ডে আগামী বছর অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে খেলার ছাড়পত্রটা কিন্তু পেয়ে গেছে। থাইল্যান্ডের পুরুষ দলের কাছে যা এখনো আকাশ-কুসুম স্বপ্ন। সূত্র: এএফপি।