হেরেও খুশি ইনজাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলান কোচ ফিলিপ্পো ইনজাগি ছবি: এএফপি
মিলান কোচ ফিলিপ্পো ইনজাগি ছবি: এএফপি

গত দুটো মৌসুম ভয়াবহই কেটেছে এসি মিলানের। প্রথমে মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, পরে ক্ল্যারেন্স সিডর্ফের অধীনে। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করা ওই সময়টাকে অতীতের ‘দুঃস্বপ্ন’ বানাতেই এবারের মৌসুমে সানসিরোয় কোচের পদে আবির্ভাব ফিলিপ্পো ইনজাগির। সিরি ‘আ’র প্রথম দুটো ম্যাচ মন্দ কাটেনি। পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে সঠিক পথেই ছিল দল। কিন্তু কাল জুভেন্টাসের কাছে ১-০ গোলে হেরে কিছুটা যেন পথভ্রষ্ট মিলান। তবে কোচ ইনজাগি এই হারে হতাশ হওয়ার মতো কিছু দেখছেন না।
জুভেন্টাসের পক্ষে জয়সূচক গোলটি কার্লোস তেভেজের। গত এক সপ্তাহে এটি আর্জেন্টাইন তারকার চতুর্থ গোল। এই জয়ে ইতালীয় সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় রোমা ও এসি মিলানের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল জুভেন্টাস।
ইনজাগির কথায় ফেরা যাক। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, মিলানের বিপক্ষে এই ম্যাচটা নাকি বেশ ভয় নিয়েই খেলতে নেমেছিল তাঁর দল। কিন্তু খেলা শেষে তাঁর উপলব্ধি, জুভেন্টাসকে ভয় করে তাঁরা বোধ হয় একটু ভুলই করেছেন। যে ব্যাপারটি ইনজাগিকে সবচেয়ে তৃপ্তি দিচ্ছে তা হলো, নিজেদের অবস্থান। তিনি জানিয়েছেন, ‘যতটা ভাবা হয়েছিল ততটা নয়। জুভেন্টাসের সঙ্গে খুব বেশি ব্যবধান নেই মিলানের।’
যথেষ্ট প্রতিশ্রুতি নিয়েই জুভেন্টাসের বিপক্ষে ম্যাচটা শুরু করেছিল এসি মিলান। প্রথমার্ধে প্রাধান্যও ছিল মিলানের। কিন্তু ম্যাচের ৭১ মিনিটে তেভেজ ম্যাজিকের কাছে নতিস্বীকার করে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন ইনজাগির সৈনিকেরা।
মিলান-জুভেন্টাস ম্যাচটা আরও একজন মানুষের জন্য ছিল প্রমাণের। তিনি ওই অ্যালিগ্রি। গত মৌসুমে এসি মিলানের কোচ হিসেবে ব্যর্থ অ্যালিগ্রি খুশি জুভেন্টাসের কোচ হয়ে তাঁর পুরোনো দলকে হারাতে পেরে, ‘জয়টা অসাধারণ। সন্ধ্যাটাও ছিল একেবারে মনের মতো।’
ম্যাচ শেষে যেন কিছুটা স্মৃতিকাতরও অ্যালিগ্রি, ‘আমি মিলানে সাড়ে তিন বছর কাটিয়েছি। আমি তো আর যন্ত্র নই। আমি চেষ্টা করেছিলাম তাদের সাফল্য উপহার দিতে। আমার দিক দিয়ে আমি সবকিছুই করেছিলাম....।’ এরপরই বাস্তবে অ্যালিগ্রি, ‘আসল কথা হচ্ছে আজকের ম্যাচটা আমরা জিতেছি। এটা মোটেও সহজ কোনো খেলা ছিল না। আমি কৃতিত্ব দেব জুভেন্টাসের খেলোয়াড়দের। তারা পুরো ম্যাচে মিলানকে খুব একটা জায়গা দেয়নি।’ সূত্র: এএফপি।