হেরেও খুশি লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্থ গোলটা পেয়ে গেল অস্ট্রেলিয়া, মামুনুল-জামাল ভূঁইয়াদের শরীরী ভাষাই বলে দিচ্ছে হতাশাটা l প্রথম আলো
চতুর্থ গোলটা পেয়ে গেল অস্ট্রেলিয়া, মামুনুল-জামাল ভূঁইয়াদের শরীরী ভাষাই বলে দিচ্ছে হতাশাটা l প্রথম আলো

সংবাদ সম্মেলন তখনো শেষ হয়নি। চেয়ার ছেড়ে উঠে চলে যাচ্ছিলেন ফাবিও লোপেজ। বাংলাদেশ দলের ইতালিয়ান কোচকে বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করলেন পাশে বসা বাফুফের মিডিয়া কর্মকর্তা। প্রশ্নটা পছন্দ হয়নি, তাই সংবাদ সম্মেলনেই ইতি টানতে চাইছিলেন! অস্ট্রেলিয়ার কাছে হারের পর সমালোচনাগুলো যেন তির হয়েই বিঁধছিল লোপেজের গায়ে।
এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হারটা অনুমিতই ছিল বাংলাদেশের। তবে ব্যবধানটা কত হবে, সেটাই ছিল দেখার। পার্থে ৫-০ গোলে হারের পর এবার ৪-০। বড় ব্যবধানে হারলেও দলের পারফরম্যান্সে লোপেজ খুশি, ‘যেভাবে এই ম্যাচে ছেলেরা খেলেছে তাতে আমি সন্তুষ্ট। আমি ওদের অভিনন্দন জানাই। আজ রাতের মতো এভাবে তাজিকিস্তানের বিপক্ষে খেলতে পারলে ফলটা আরও ভালো হতো।’ আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে আজই বাংলাদেশ দল চীনে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার এই অভিজ্ঞতাটা সেখানে কাজে লাগবে মানছেন কোচ।
ম্যাচের ৩৭ মিনিটেই ৩ গোল হজম করে বাংলাদেশ। ম্যাচটা ততক্ষণে অস্ট্রেলিয়ার মুঠোবন্দী হয়ে গেছে। পরে অধিনায়ক জেডিনাক আরেকটি গোল করেছেন। লোপেজ অবশ্য হারের ব্যবধানটা আরও কম হবে বলেই ভেবেছিলেন, ‘আসলে এই ম্যাচে ৩ গোল হলেই ঠিক ছিল। দ্বিতীয় গোলটির কথাই ধরুন। তিনবারের চেষ্টার পর কাহিল গোলটি দিয়েছে। এমন গোল হলে আসলে বলার কিছু থাকে না।’
অস্ট্রেলিয়ার দ্রুতগতির ফুটবলের সঙ্গে মোটেও তাল মিলিয়ে খেলতে পারেনি বাংলাদেশ। বরং শুরু থেকে যেন একটু রক্ষণাত্মক কৌশলেই খেলিয়েছেন কোচ। অথচ কোচের কাছে এর ব্যাখ্যা চাইতে গেলেও ক্ষুব্ধ হয়ে গেলেন। প্রশ্নটি এড়িয়ে গিয়ে বললেন, ‘অ্যানাদার ওয়ান।’
এমন একটি বড় ম্যাচের আগের দিন শেখ জামাল তাদের ফুটবলারদের তুলে নিয়েছিল ক্যাম্পে। খেলায় নিশ্চয় কিছুটা হলেও এর প্রভাব ছিল? এমন প্রশ্নেও ক্ষুব্ধ কোচ। খানিক নীরব থেকে এক কথায় বললেন, ‘হ্যাঁ। তা কিছুটা প্রভাব পড়েছেই।’
বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়া। দুর্বল বাংলাদেশের সঙ্গে অনুমিত জয়টা পেয়েও মুখ ভার করে সংবাদ সম্মেলনে এলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু। ৩ পয়েন্ট তুলে নিতে পারলেও ছেলেদের কাছে প্রত্যাশা ছিল আরও বেশি, ‘প্রথমার্ধে ছেলেরা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ভালো খেলেনি।’
নিরাপত্তার কারণে মাত্র ২৪ ঘণ্টার সফর শেষ করে কাল রাতে মাঠ থেকেই বিমানবন্দরে গেছে অস্ট্রেলিয়া। রাত ১২টায় বিমানে ওঠার আগ পর্যন্ত ৯টা অবদি অপেক্ষা করেছেন স্টেডিয়ামের ড্রেসিংরুমে। দেশে ফিরে যাওয়ার আগে বাংলাদেশের আতিথেয়তার প্রশংসাই করেছেন এই অস্ট্রেলিয়ান। প্রশংসা করলেন বাংলাদেশের দর্শকদেরও, ‘এই দেশের দর্শকেরা ফুটবলপাগল। এই উন্মাদনাটা কাজে লাগাতে হবে।’
বাংলাদেশের ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শও দিলেন তিনি, ‘ভালো করতে হলে ওদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়াতে হবে। একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে হবে।’