২০০৪ সালের পর এই প্রথম আবার ইউরোর সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল চেক প্রজাতন্ত্র। তাদের সেই স্বপ্ন ভেঙেছে আজ রাতে শেষ আটে ডেনমার্কের কাছে ২-১ গোলের হারে। শেষ আট থেকে চোখের জলে বিদায় নিলেও চেকরা গর্বিত বলেই মনে করেন দলটির কোচ ইয়ারোস্লাভ সিলহাভি।
টুর্নামেন্ট শুরুর আগেই চেক প্রজাতন্ত্রের অধিনায়ক ভ্লাদিমির দারিদা এবারের ইউরোর সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে ছিলেন খুব আশাবাদী। কিন্তু ডেনিশদের প্রতিজ্ঞার দেয়ালে তাদের সেই আশার বিসর্জন গেছে আজ রাতে। ম্যাচ শেষে চেক প্রজাতন্ত্রের কোচ সিলহাভি বলেছেন, 'আমরা ভীষণ হতাশ। কেউ কেউ কেঁদেছে। এটা মেনে নেওয়া সহজ ছিল না। তবে আমি মনে করি আমরা যা করেছি তাতেই গর্বিত হতে পারি।'
সিলহাভি এরপর যোগ করেন, 'আমি ছেলেদের নিয়ে খুব, খুব গর্বিত। আমার বিশ্বাস আমাদের খেলা যারা দেখেছে তারাও অসাধারণ এই পারফরম্যান্সের প্রশংসা করবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি।' লড়াই করেও সাফল্য পায়নি চেক প্রজাতন্ত্র। তবে এটা প্রশংসার যোগ্য বলেই মনে করেন সিলহাভি, 'আমরা ম্যাচে সমতা আনার সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু পারিনি।'
ডেনমার্কের প্রথম গোলটিতে কিছুটা হলেও বিতর্কের ছোঁয়া আছে। টমাস ডেলানি ডেনমার্ককে এগিয়ে দেওয়া গোলটি করেছেন কর্নার থেকে হেডে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে সেই কর্নারটি আসলে হয়নি। কারণ বল মাঠের বাইরে গিয়েছিল ডেনিশ এক খেলোয়াড়ের পায়ে লেগে। তবে চেক প্রজাতন্ত্রের কোচ রেফারিদের ওপরে দায় চাপাতে রাজি নন, 'রেফারিদের এমন ভুল খেলারই অংশ। আমি এটাকে ফল নির্ধারক বলব না। তবে এটা ম্যাচে প্রভাব ফেলেছে।'