হেরেও মরিনহোর মধুবচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে মরিনহো,আর্সেন ওয়েঙ্গার
হোসে মরিনহো,আর্সেন ওয়েঙ্গার

দৃশ্যটা কি একটু বিরল লাগছিল? ডাগআউটে যাঁরা হাতাহাতি পর্যন্ত করেছেন, সেই আর্সেন ওয়েঙ্গার আর হোসে মরিনহো কিনা হাত মেলালেন দুই-দুইবার। ম্যাচ শুরুর আগে এবং ম্যাচের শেষে। খেলা শেষের সংবাদ সম্মেলনেও এক বিরল ছবি। পরাজিত দলের কোচ খুশিতে ডগমগ! কোচের নাম মরিনহো বলেই এটা সম্ভব।
ইংল্যান্ডের ফুটবলে মরিনহো-ওয়েঙ্গার ‘যুদ্ধ’ বেশ পুরোনো। এটা সবারই জানা, ওয়েঙ্গারকে ঘাঁটাতে আর খোঁচা দিতেই ভালোবাসেন মরিনহো। সেই তিনিই কিনা ওয়েঙ্গারের দলের জয়ে উচ্ছ্বসিত এবং সেই জয়টিও কিনা তাঁর দলের বিপক্ষে। আসলে এতটা ভদ্রলোক যে মরিনহো হয়ে যাননি সেটা বুঝতে পারবেন আর্সেনালের জয়ে তাঁর আনন্দ প্রকাশের ভাষাতেই। আদতে ওয়েঙ্গারকে খোঁচাই
দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ, ‘আমি হাইবুরি ছেড়েছি তাদের কাঁদিয়ে, এমিরেটসও ছেড়েছি তাদের কাঁদিয়ে। মাথা নত করে তারা হেঁটে গেছে রাস্তা দিয়ে। অবশেষে আজ (পরশু) তারা গাইছে, রুমাল ওড়াচ্ছে। তাদের জন্য দারুণ ব্যাপার। আর্সেনাল সমর্থকেরা খুশি, আমিও খুশি তাদের জন্য।’
বুঝলেন তো মরিনহো আসলে আর্সেনাল কোচকে মনে করিয়ে দিতে চেয়েছেন—এই প্রথম তুমি আমার বিপক্ষে জিতলে! চেলসি বা ইউনাইটেড—প্রতিযোগিতামূলক ম্যাচে এর আগে কখনোই মরিনহোর কোনো দলকে হারাতে পারেননি ওয়েঙ্গার! এক যুগেরও বেশি হয়েছে আর্সেনাল লিগ শিরোপা জেতেনি। প্রসঙ্গটি তুলে খোঁচা দেবেন না, এমন লোক মরিনহো নন, ‘ওরা বড় একটি ক্লাব। আপনারা ভাবছেন, আর্সেনালের মতো বড় একটি ক্লাবের বড় শিরোপা না জেতা আমি উপভোগ করি? আমি তা করি না।’
আর্সেনালের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ায় চারের মধ্যে থেকে লিগ শেষ করার আশা ইউনাইটেডের আর নেই বললেই চলে। প্রতিপক্ষের জয়ে আপাত যে খুশি খুশি ভাবটা মরিনহোর, সেটি মুদ্রার একটা পিঠ। অন্যপিঠে কষ্ট না থেকে পারেই না। সেই কষ্ট কি ভুলতে চাইলেন ওয়েঙ্গারকে কটাক্ষ করে? খোঁচা দেওয়ার ন্যূনতম সুযোগও হাতছাড়া করেননি মরিনহো, ‘আর্সেন ওয়েঙ্গার ছোটখাটো কোচ নন। বড় মাপের কোচ। তাই আমার এত ম্যাচ খেলা, বেশি ম্যাচ না হারা স্বাভাবিক ব্যাপার নয়। জয়, ড্র, হার—এ তো স্বাভাবিক প্রক্রিয়া।’
বেচারা ওয়েঙ্গার আর কী বলবেন। ফুটবল শুধু দুজন কোচের লড়াই নয় বলে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ‘এটা
কোচের বিপক্ষে কোচের বিষয় নয়। কখনো কখনো এমন হয় যে আপনি কারও কারও বিপক্ষে কম সফলতা পাবেন।’ এএফপি, রয়টার্স, ফোরফোরটু।