হেরেও শীর্ষে ভিয়ারিয়াল!
শেষ পর্যন্ত যদি পয়েন্ট তালিকাটা এ রকম থাকে, তা হবে বিশ্বের অষ্টম আশ্চর্য!
লা লিগার ইতিহাস বলছে, সর্বশেষ ১১ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বাইরে একটা দলই চ্যাম্পিয়ন হয়েছে। সেটি অ্যাটলেটিকো মাদ্রিদ, ২০১৩-১৪ মৌসুমে। ভিয়ারিয়াল কখনোই চ্যাম্পিয়ন হয়নি, সেল্টা ভিগোও পারেনি কখনো সেরা তিনে থাকতে।
অথচ এ মুহূর্তে লা লিগার পয়েন্ট তালিকাটা দেখুন। রিয়ালকে পেছনে ফেলে ভিয়ারিয়াল শীর্ষে, ওদিকে বার্সেলোনার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে সেল্টা ভিগো তিন নম্বরে! আন্তর্জাতিক ফুটবলের জন্য ইউরোপের লিগগুলোতে আপাতত সপ্তাহ দুয়েকের বিরতি। ফুরফুরে মেজাজ নিয়েই তাই ছুটিতে যাচ্ছেন এ দুটি ক্লাবের খেলোয়াড়েরা।
এমনিতে লা লিগার পয়েন্ট তালিকায় চিরচেনা রূপ হচ্ছে, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের যেকোনো একটি দল শীর্ষে, অন্যটি দুই নম্বরে। তারপর বাকি দলগুলো। এবারও চতুর্থ সপ্তাহ পর্যন্ত সেটাই ছিল। বার্সা শীর্ষে, রিয়াল দুইয়ে। কিন্তু পরের তিন ম্যাচের দুটিতেই হেরে বসে বার্সেলোনা। সেল্টা ভিগোর পর সেভিয়া। এই দুটি ম্যাচের মাঝে জিতেছে শুধু পুঁচকে লাস পালমাসের বিপক্ষে।

রিয়াল সর্বশেষ তিন ম্যাচে না হারলেও ড্র করেছে দুটি। একটি মালাগার সঙ্গে, পরশু রাতে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অন্যটি। চতুর্থ সপ্তাহ পর্যন্ত ভিয়ারিয়াল ছিল তিন নম্বরে। কিন্তু রিয়াল-বার্সা ছন্দ হারানোয় পরপর দুটি ম্যাচ জিতে ষষ্ঠ সপ্তাহেই লা লিগার শীর্ষে উঠে যায় ভিয়ারিয়াল। পরশু যদি বেনিতেজের দল মাদ্রিদ ডার্বিটা জিততে পারত, তারাই শীর্ষে উঠে যেত। কিন্তু সেটা না হওয়ায় একই রাতে লেভান্তের কাছে হেরেও লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়ারিয়াল।
শীর্ষে থেকে ছুটে যাওয়ার এই সুযোগ হারানোয় রিয়াল মাদ্রিদ কোচের ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচ শেষেই রাফায়েল বেনিতেজ তাই বলেছেন, ‘দুটি পয়েন্ট হারালাম আমরা। অ্যাটলেটিকো শুধু শেষ ১৫ মিনিট চাপিয়ে খেলেছে। বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। প্রতি-আক্রমণে পাওয়া সুযোগগুলোও যদি কাজে লাগাতে পারতাম, ম্যাচটা ২-০ গোলে জিততাম।’ যদিও তাঁর সঙ্গে পরিষ্কার দ্বিমত অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের, ‘দুই পয়েন্ট তো হারিয়েছি আমরা। জেতার খুব কাছাকাছি গিয়েছিলাম আমরা, ওদের চেয়ে সুযোগও বেশি পেয়েছিলাম।’
দুই কোচের কথা শুনে যে রকম মনে হচ্ছে, ম্যাচটা কিন্তু ও রকম আহামরি কিছু হয়নি। ৯ মিনিটেই করিম বেনজেমার হেডে রিয়াল এগিয়ে গেলেও ব্যবধান আর বাড়ানোর মতো কিছু করতে পারেনি। একটা কারণ হতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদোর বিবর্ণ রূপ। পরিষ্কার সুযোগের হিসাব করলে তা বোধ হয় অ্যাটলেটিকোই বেশি পেয়েছে। এর মধ্যে সবার আগে আসবে ২২ মিনিটে পাওয়া পেনাল্টিটা। আতোঁয়ান গ্রিজমানের নেওয়া যে পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক কেইলর নাভাস। এটিতেই রিয়ালের জয় নিশ্চিত হয়ে গেছে বলে মনে হচ্ছিল একসময়। কিন্তু ৮৩ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তো সমতা ফেরান ম্যাচে। যোগ হওয়া সময়ে দারুণ একটা সুযোগ পেয়েছিলেন অ্যাটলেটিকো ফরোয়ার্ড জ্যাকসন মার্টিনেজ। কিন্তু আবারও রিয়ালের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন নাভাস। এএফপি, মার্কা।