হেরেও হতাশা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুর দিকে উজবেকিস্তানের চাপটা সামলাতে পারেনি বাংলাদেশ। সেই চাপের মুখে নিজেদের ভুলে প্রথম গোল হজম ১৪ মিনিটে। জালে জড়ানো বলের দিকে অসহায় চোখে তাকিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা l ছবি: বিইন স্পোর্টস
শুরুর দিকে উজবেকিস্তানের চাপটা সামলাতে পারেনি বাংলাদেশ। সেই চাপের মুখে নিজেদের ভুলে প্রথম গোল হজম ১৪ মিনিটে। জালে জড়ানো বলের দিকে অসহায় চোখে তাকিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা l ছবি: বিইন স্পোর্টস

৩৪ মিনিটে স্কোরলাইন ৩-০। বাকি সময় গোলবন্যায় ভেসে যাওয়ারই আশঙ্কা ছিল! কিন্তু পরের গল্পটা ভিন্ন। প্রবল প্রতিপক্ষ উজবেকিস্তানকে আর গোল করতে দেয়নি বাংলাদেশ। শেষ ৫৬ মিনিট নিজেদের গোলপোস্ট সুরক্ষিত রাখতে পারাটা বাংলাদেশ দলের একটা প্রাপ্তি।
এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের শুরুটা ছিল আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে। সেই আত্মবিশ্বাস নিয়ে কাল মামুনুলরা দাঁড়ান সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ৫৮তম স্থানে থাকা শক্তিশালী উজবেকিস্তানের সামনে। ম্যাচটা মোটামুটি সম্মানের সঙ্গে পার করে বাংলাদেশ তাকাচ্ছে ২২ সেপ্টেম্বর হংকংয়ের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১-১ গোলে রুখে দেওয়া হংকং কাল ২-১ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে যেতে এখন হংকংয়ের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশ দলকে।
যেভাবে কাল শুরু করেছিল বাংলাদেশ, মনে হচ্ছিল হার মেনেই মাঠে নেমেছে। এ সুযোগে গোলবন্যা বইয়ের দেওয়ার প্রতিজ্ঞা ঠিকরে বেরোচ্ছিল গতি-শক্তি-দক্ষতায় যোজন-যোজন এগিয়ে থাকা উজবেকদের শরীরী ভাষায়। উপরন্তু বাংলাদেশ একটু বেশিই রক্ষণাত্মক মনোভাব দেখাতে থাকল শুরু থেকে। ভুলও হলো অনেক। প্রচণ্ড চাপের মুখে খেই হারিয়েছেন কেষ্ট-রায়হানদের নিয়ে গড়া রক্ষণ। মার্কিং করা যাচ্ছিল না উজবেক খেলোয়াড়দের। বল ক্লিয়ার করতে ব্যর্থ হচ্ছিলেন ডিফেন্ডাররা। এ সময় মনঃসংযোগই যেন ছিল না তাঁদের।
গোল খাওয়া তাই সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। প্রথম ও তৃতীয় গোলরক্ষক আর রক্ষণের ভুলের খেসারত। ১৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে উড়ে আসা আপাতনিরীহ একটা বল ধরতে পারেননি গোলরক্ষক লিটন, বল পোস্টে লেগে আসে গোললাইনের ওপর। সেই বলে মাটিতে পড়ে গিয়েও ভখিদ সোদিয়েভ দ্বিতীয় প্রচেষ্টায় পাঠান জালে। ব্যবধান বাড়াতে আক্রমণ আরও বাড়িয়ে ২১ মিনিটে সোদিয়েভই করলেন ২-০। বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে এবার হেডে লক্ষ্যভেদ।
গোলের অভিযানে ক্ষান্তি না দিয়ে টানা আক্রমণ চালিয়ে গেল উজবেকিস্তান। হংকংয়ের সঙ্গে প্রথম ম্যাচে অপ্রত্যাশিভাবে পয়েন্ট হারানোর ঝালটা বাংলাদেশ দলের ওপর দিয়ে তারা মেটাল ইনচনের মাঠে। ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে বল ঠেলে দেওয়া হলে অরক্ষিত সারদর রাশিদভকে। পরিকল্পনাটা বুঝতেই পারেনি বাংলাদেশ দল। রাশিদভ পোস্টে বলটা প্লেস করলেন নিখুঁতভাবে (৩-০)। গত এশিয়াডেও উজবেকিস্তানের কাছে একই ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অথচ উজবেকদের এই ফ্রি-কিক কৌশল নিয়ে অনুশীলনে সহকারী কোচ সাইফুল বারী কাজ করেছেন বলে জানালেন অধিনায়ক মামুনুল ইসলাম।
৩ গোলের পর আর ভুল করেনি বাংলাদেশ। দু-একবার ওপরেও উঠেছে। হেমন্ত জোরালো একটা শটও নেন পোস্টে, যেটি আটকেছেন উজবেক গোলরক্ষক। উজবেকিস্তান পোস্টে শট নিয়েছে আটটি। বল পজেশনেও এগিয়ে ছিল ৬৮-৩২ বিশাল ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে চাওয়া বাংলাদেশকে খানিকটা আত্মবিশ্বাসীও লেগেছে। গোলরক্ষক লিটন ৩টি গোল খেলেও রুখে দিয়েছেন বেশ কয়েকটি আক্রমণ। হেমন্ত ও জামাল ভূঁইয়া নজর কেড়েছেন আলাদাভাবে। সামগ্রিকভাবে দলের মধ্যে লড়াকু মনোভাব দেখা গেছে ৩ গোলের পর।
ম্যাচের পর অধিনায়ক মামুনুল ইসলাম দক্ষিণ কোরিয়া থেকে ফোনে সেটাই বলছিলেন, ‘আমরা লড়াই করেছি। কোচ (ডি ক্রুইফ) প্রশংসা করেছেন সবার। ৩ গোলে হার খারাপ কিছু নয়। দুটি গোল তো নিজেদের দোষেই উপহার দিয়েছি। তবে এ ম্যাচের পারফরম্যান্স হংকংয়ে বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে আমাদের অনেক সাহায্য করবে।’
হংকংকে হারাতে পারলে প্রথমবার এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে খেলার সুবর্ণ সুযোগ। পারবে বাংলাদেশ? তথ্যসূত্র: বিইন স্পোর্টস।
বাংলাদেশ দল: লিটন, রায়হান, কেষ্ট, ইয়াসিন, জামাল, সোহেল রানা, মামুনুল, হেমন্ত, তপু, ইয়ামিন, তকলিচ (জাহিদ)।