হেসেই ফিরবেন হেসে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট বাধা না হলে আজ হয়তো রোনালদোদের বিপক্ষে নয়, পাশেই খেলতে পারতেন হেসে রদ্রিগেজ। ছবি: এএফপি।
চোট বাধা না হলে আজ হয়তো রোনালদোদের বিপক্ষে নয়, পাশেই খেলতে পারতেন হেসে রদ্রিগেজ। ছবি: এএফপি।

‘মানুষ আমার সম্পর্কে ভুল ভাবে!’

দিয়ারিও স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে কথাটা যখন বলছিলেন হেসে রদ্রিগেজ, হয়তো ঠিকই ভেবেছিলেন।
তাঁর ক্যারিয়ারের দিকে তাকান, ভুল ভাবনাটা আসতে বাধ্য। রিয়াল মাদ্রিদ যুবদল হয়ে মূল দল, এরপর প্যারিস সেন্ট জার্মেই, সেখান থেকে ছয় মাস পরই ধারে লাস পালমাসে...ক্যারিয়ারটা তো নিচের দিকেই যাচ্ছে!
লাস পালমাস অবশ্য তাঁর শহরের ক্লাব। সেই ক্লাবের হয়েই আজ বাংলাদেশ সময় রাত ২.৩০ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে নামবেন হেসে। মুখোমুখি হবেন রিয়ালের। আজ হাসিমুখে ফিরতে পারবেন হেসে?
ভাগ্য পাশে থাকলে অবশ্য এখন হাসারই কথা ছিল তাঁর। ক্যারিয়ার যতই নিচের দিকে যাক, হেসের কথাগুলোকে সত্যিই মনে হবে, যখন স্প্যানিশ উইঙ্গার বলেন, ‘যদি এত চোটে না পড়তাম, তাহলে এত দিনে মাদ্রিদের মূল দলে নিয়মিত হয়ে যেতাম আমি।’
হয়তো সত্যি। এক সময় ‘নতুন রোনালদো’ নামেই ডাকা হতো তাঁকে। খেলার ধরণ, গতি, গোল করার ক্ষমতা সব মিলিয়েই নামটা। ২০১৪ সালে যখন রিয়ালে খেলছিলেন, মাঝে মাঝে তাঁর পাশে গ্যারেথ বেলকেও অনেক ম্লান দেখাত। স্পেনের ২০১৪ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি ছিল। তখন বাগড়া বাধাল বেয়াড়া চোট! লিগামেন্টে চোট পেয়ে মাঠের বাইরে যাওয়ার পর থেকে যে ফর্মের সঙ্গেও যুঝছেন হেসে।
রিয়ালে আর থিতু হতে পারলেন না। এই মৌসুমে ২১ মিলিয়ন পাউন্ডে যোগ দেন পিএসজিতে। সেখানেও প্রথম ম্যাচ খেলার পরই আবার যেতে হলো মাঠের বাইরে—অ্যাপেন্ডিকসে অপারেশন। শরীরে ছুরি-কাঁচি চালানোর পর মাঠে তো ফিরলেন, তবে দলে আর নিয়মিত হওয়া হলো না। পরিণতি— ছয় মাসের ধারে জন্ম শহরের ক্লাব লাস পালমাসে।
কিন্তু এখানেও ভাগ্য মুখ ফিরিয়ে আছে। ২৪ বছর বয়সী ফরোয়ার্ড আসার পর চার ম্যাচ খেলেছে লাস পালমাস, চারটিতেই শুরু থেকে খেলেছেন হেসে, চারটিই হেরেছে তাঁর দল! এখনো গোলও করতে পারেননি। এ নিয়ে হেসের সৎ-উপলব্ধি, ‘দুশ্চিন্তা নয়, রাগ হচ্ছে আমার। ক্যারিয়ারে আগে কখনোই এত গোলের সুযোগ মিস করিনি। ক্লাব আমাকে আনল, এরপর চার ম্যাচেই হারলাম আমরা। নিজের শহরের ক্লাব, যেটির জার্সির জন্য আমি মরতেও রাজি, সেখানে এসে এমন! ভাবুন আমার কেমন লাগছে!’
অনুভূতিটা মিশ্র হবে যদি আজ গোল করতে পারেন। ম্যাচটা সহজ হবে না। অন্তত পয়েন্ট তালিকা তা-ই বলে। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে রিয়াল সবার ওপরে। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সেলোনাও আজ রাতে মাঠে নামবে, স্পোর্টিং গিজনের বিপক্ষে (বাংলাদেশ সময় রাত ১২.৩০টায়)। লাস পালমাস তো ধারেকাছেও নেই, ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩তম।
জয়টা তাই কঠিনই হবে লাস পালমাসের জন্য। তবে স্বপ্ন দেখতে দোষ কি? অন্তত গোলখরা কাটানোর আশা তো করতেই পারেন হেসে। রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য চাইছেন সেটি আজ না হোক, ‘আশা করি ও বুধবারের পর থেকে অনেক অনেক গোল পাবে।’
জিদানকে নিয়ে নিজের মুগ্ধতার হেসের সব সময়ই ছিল। কাস্তিয়ার পর রিয়ালের মূল দলে তাঁর অধীনে খেলার অভিজ্ঞতাই সেই মুগ্ধতার কারণ, ‘রিয়াল মাদ্রিদ কাস্তিয়ায় তাঁর অধীনে কাজ করতে পারাটা আমার জন্য গর্বের। অনেক কিছু শিখিয়েছেন তিনি আমাকে। এরই মধ্যে তো বলেই দিয়েছেন, যেন বুধবারের পর আমি অনেক গোল পাই।’
তবে আজই গোল পেয়ে গেলেও উদযাপনটা হেসেকে দিয়ে হবে না। খেলবেন শহরের ক্লাবের হয়ে, কিন্তু প্রতিপক্ষ ক্লাবটাও যে তাঁর হৃদয়ের অনেক কাছের, ‘কোনো মতেই গোল উদ্‌যাপন করব না। রিয়াল মাদ্রিদের কাছে অনেক ঋণ আমার, উদ্‌যাপন তো করবই না।’
গোল পেলে আনন্দ হবে নিশ্চিত। লাস পালমাসে অনেক গোল করেই পিএসজির মূল দলে জায়গা করে নিতে চান। কিন্তু আজ অন্তত গোল পেলে হাসি আসবে না হেসের। হয়তো একটু দীর্ঘশ্বাসও পড়বে গোপনে, গোলটা যে লাস পালমাসের হলুদ জার্সির বদলে রিয়ালের সাদা জার্সি গায়েও পেতে পারতেন! ডেইলি মেইল।