হোটেলে বসে হার দেখলেন মরিনহো

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাসপেনশনের কারণে স্টোক সিটির বিপক্ষে ডাগ আউটে বসা হয়নি চেলসি কোচ হোসে মরিনহোর। এক দিক দিয়ে ভালোই হয়েছে। প্রিমিয়ার লিগে দলে সপ্তম হারটি সরাসরি দেখতে হয়নি তাঁকে। আগের দিনই বলেছিলেন, বহিষ্কারাদেশের কারণে স্টেডিয়ামের বাইরে রাস্তার ধারে বসে স্টোক সিটির বিপক্ষে ম্যাচটি দেখবেন তিনি। রসিকতা করে বললেও শনিবারের পর আক্ষরিক অর্থেই পথে বসার দশা এই ডাকাবুকো পর্তুগিজ কোচের। চেলসির ম্যানেজমেন্ট কিংবা সমর্থকেরা যতই তাঁর পক্ষে কথা বলুন না কেন, যতই তাঁকে সমর্থন জুগিয়ে যান না কেন, লিগে সাতটি হারের পর তাঁর চাকরিটা যদি বহাল থাকে, তাহলে সেটা হবে বড় এক ব্যাপারই।
প্রিমিয়ার লিগে ১২টি ম্যাচ খেলে ৭ টিতেই হেরেছে মরিনহো-বাহিনী। গত অক্টোবরে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের পর হারের হ্যাটট্রিকটা হয়ে গেল তাদের। লিগে নিজ দলকে ১৬ তম অবস্থানে থাকতে দেখে চেলসি মালিক রোমান আব্রাহামোভিচের মনের অবস্থাটা কেমন, সেটা সহজেই অনুমেয়।
খবরে প্রকাশ, শনিবার স্টোক সিটির বিপক্ষে ম্যাচটি নাকি স্টেডিয়ামের কাছেই এক হোটেলে বসে দেখেছেন মরিনহো। ৫৩ মিনিটে আরনোতোভিচের দারুণ এক ভলিতেই আশার সমাধি ঘটে চেলসির। আর একটি ম্যাচ হারলেই অবনমনের শঙ্কায় পড়ে যাবে যে দল, সে দলের কোচ হিসেবে মরিনহো রাতে কীভাবে ঘুমাচ্ছেন, সেটা একটা কৌতূহলই বটে।
গ্যালারিতে চেলসি সমর্থকেরা কাল মরিনহোর-মুখোশে জানিয়েছেন ‘সমর্থন।’ কিন্তু সমর্থকদের মুখোশ পড়ার ব্যাপারটাতে ঠিক বোঝা যাচ্ছে না ওটা সমর্থন না বিদ্রূপ! সমর্থন হলেও সেই সমর্থন আর কতদিন থাকছে, সেটাও বলা যাচ্ছে না।
তবে এএফপি জানিয়েছে, গতকালকের ম্যাচের পরপরই তাঁকে নিয়ে নাকি নতুন করে চিন্তা-ভাবনা শুরু হয়েছে। সংবাদ সংস্থাটি বলেছে, আগামী দুই সপ্তাহ তাঁকে নিয়ে প্রচুর বিচার-বিশ্লেষণ করা হবে। অনেক জল্পনা-কল্পনাও হবে। মোটামুটি একটা উৎকণ্ঠার সময়ই অপেক্ষা করে আছে তাঁর জন্য।
গত ১৬ বছরে যা হয়নি। চেলসিকে এবার কোচ হিসেবে সেটাই ‘উপহার’ দিলেন তিনি। সবাই মরিনহোর সঙ্গে থাকতে পারেন কিন্তু চেলসির মতো পেশাদার ক্লাব টানা তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচ হারের লজ্জা সইবে কেন! সূত্র: এএফপি, রয়টার্স।