হোটেল ব্যবসায়ী হবেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি স্বপ্নপূরণ—সিআর–সেভেন হোটেল নিয়ে চুক্তি করেছেন পেসতানা গ্রুপের সঙ্গে l এএফপি
ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি স্বপ্নপূরণ—সিআর–সেভেন হোটেল নিয়ে চুক্তি করেছেন পেসতানা গ্রুপের সঙ্গে l এএফপি

বয়স এখন ৩০। অন্য অনেক পেশায় ক্যারিয়ার হয়তো মাত্র শুরু হয়েছে। কিন্তু খেলাটা যখন ফুটবল, দূর দিগন্তে আবছা রেখার মতো ভেসে উঠছে বিদায়চিহ্নও। অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর বুটজোড়া তুলে রাখার আরও হয়তো অনেক দেরি। তবে অবসরের পর কী করবেন, সেই পরিকল্পনা সিআর-সেভেন এখনই করে রেখেছেন। অন্য সব ফুটবলারের চেয়ে এখানেও রোনালদো ব্যতিক্রম। বেশির ভাগ ফুটবলার যখন কোচিং বা ফুটবল-সংশ্লিষ্ট কাজেই বেশি মনোযোগী, রোনালদো নিজের ব্যবসাটাই করছেন জীবনের ধ্রুবতারা।
ফুটবলের পাশাপাশি ব্যবসাটা যে ভালো বোঝেন, সেই প্রমাণ রোনালদো এর মধ্যেই অনেকটা দিয়েছেন। নিজের নামে জুতো, শার্ট থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত আছে তাঁর। কিন্তু অবসরের পর এসবের পাশাপাশি হোটেল ব্যবসাতেও মনোযোগ দেবেন। পর্তুগালের সবচেয়ে বড় হোটেল গ্রুপ পেসতানার সঙ্গে এর মধ্যেই ৪ কোটি ইউরো বিনিয়োগ করার পরিকল্পনাও করে ফেলেছেন।
তার মানে কি ফুটবলজগৎকে আড়িই দিয়ে দেবেন? রোনালদো নিজেই পরিষ্কার করে দিয়েছেন, ‘অনেক ফুটবলারই জানে না তারা খেলা ছাড়ার পর কী করবে। আমার ধারণা পরিষ্কার, আমি নিজের ব্র্যান্ডের দেখভাল করতে চাই।’ ডাগ-আউটে যাঁরা রোনালদোকে দেখতে চান, তাঁদেরও নিরাশ করেছেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখি না, এটা আমার লক্ষ্য নয়। কে জানে, পরে হয়তো মন বদলাতে পারে!’ কিন্তু খেলা ছেড়ে ব্যবসা-বাণিজ্যে কতটা মন বসাতে পারবেন? রোনালদো কিন্তু আত্মবিশ্বাসী, ‘৩০ বছর বয়সে আমার সামনে অনেক দরজা খোলা। অনেককেই পাশে পাচ্ছি, আমি খুবই খুশি। আমি শুধু চাই, যেখানেই কাজ করি আমার নামটাই সেখানে সেরা থাকুক।’ খেলার পর ব্যবসায়ও সবাইকে না ছাড়িয়ে যাওয়া পর্যন্ত বোধ হয় থামবেন না!
কিন্তু সেটা করতে গেলে তো সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা চাই। এখানেও রোনালদোর দূরদৃষ্টির প্রমাণ মিলছে। এর মধ্যেই পেসতানার সঙ্গে তিনটি শহরে নিজের নামে হোটেল খোলার উদ্যোগ শুরু করেছেন। তবে ব্যবসায় নেমে নিজের শেকড়কে ভুলে যাচ্ছেন না। জন্মস্থান মাদেইরার রাজধানী ফুঞ্চালেই শুরু হবে রোনালদোর নতুন প্রকল্প। ২০১৬ সালের গ্রীষ্মে সেটি চালু হওয়ার কথা। ফুঞ্চালে রোনালদোর নামে জাদুঘর যেখানে, তার কাছেই হোটেল খোলার কথা ভাবছেন। এরপর লিসবনে দ্বিতীয় এবং ২০১৭ সালে মাদ্রিদে হওয়ার কথা হোটেলের তৃতীয় শাখা। রোনালদো নিজেই জানাচ্ছেন, ‘মাদেইরাই দিয়েই শুরু হবে এই প্রকল্প, আমার পরিবার ও শেকড় ওখানেই।’ নিউইয়র্কে চতুর্থ শাখার কথাও নাকি ভাবছেন!
এখন পর্যন্ত যে আয় করেছেন, তাতে অবশ্য রোনালদোর সাতপুরুষও শুয়ে-বসে কাটিয়ে দিতে পারবে। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার, গত বছর আয় ছিল ৭ কোটি ইউরো। ব্যাংক অ্যাকাউন্ট আরও ফুলেফেঁপে বাড়াতে এখনই আটঘাট বেঁধে নামছেন। কিন্তু এত কিছু থাকতে হোটেল ব্যবসায় কেন? রোনালদোর ব্যাখ্যা, ‘সব সময়ই হোটেলের মালিক হতে চেয়েছিলাম। একা এ রকম একটা প্রকল্প শুরুটা করাটা অসম্ভব ছিল। পেসতানা এদিকে পর্তুগালের সেরা। আর সবকিছুই ৫০-৫০ ভাগাভাগি হবে।’
পরের বছর পর্তুগালে ছুটি কাটাতে গেলে রোনালদোর হোটেলে থেকে আসতে পারেন! এএফপি।