হ্যাজার্ডদের নিয়ে কন্তের স্বপ্ন

একটা সময় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের উত্তরসূরি হিসেবে তাঁর নামটাই উচ্চারিত হতো বেশি। বিবর্ণ একটা মৌসুম কাটানোর পর নেইমার, সুয়ারেজদের চেয়ে সেই দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন এডেন হ্যাজার্ড। তবে চেলসির নতুন কোচ আন্তোনিও কন্তে আশাবাদী, বেলজিয়ান উইঙ্গার আবার নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারবেন।
দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড় হয়েছিলেন হ্যাজার্ড। কিন্তু গত মৌসুমটা কেটেছে দুঃস্বপ্নের মতো, চেলসিও লিগ শেষ করেছে দশে থেকে। কন্তে সরাসরি বলেননি, তবে হ্যাজার্ডকে নিয়ে যে তাঁর উচ্চাকাঙ্ক্ষা আছে সেটি বোঝা যায়, ‘আমাদের খেলোয়াড়দের উন্নতির অনেক জায়গা আছে। আমাদের বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে। তাদের প্রতিভা নিয়েও কোনো সংশয় নেই। এই মুহূর্তে তারা মেসি, সুয়ারেজ, নেইমার, রোনালদো বা পগবাদের কাতারে বলে অনেকেই মনে করবেন না। কিন্তু আমাদের দলে কেউ কেউ সেখানে যেতে পারে। আমি এই ব্যাপারে নিশ্চিত।’
চেলসিতে যোগ দেওয়ার পরেই কন্তে বলেছিলেন, তিনি শুধু একটা জিনিসই বোঝেন, ‘কাজ, কাজ ও কাজ’। নিজেদের আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এই দর্শন কন্তে খেলোয়াড়দের মধ্যেও ছড়িয়ে দিতে চান, ‘আমাদের খেলোয়াড়দের বুঝতে হবে, শুধু ভালো হলে চলবে না, আরও আরও ভালো হতে হবে। সে জন্য মানসিকতাটা গুরুত্বপূর্ণ। ধৈর্য ও ইচ্ছা থাকা জরুরি। কোচেরও এখানে দায়িত্ব আছে।’
দিন কয়েক আগে চেলসিতে যোগ দিয়েছেন কন্তে। বোঝাই যাচ্ছে, এই সময়েই হ্যাজার্ডরা বেশ মুগ্ধ করেছেন কোচকে! মেইল অনলাইন।