হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে পরশু নিজের পঞ্চম হ্যাটট্রিকটা পেয়েছেন লিওনেল মেসি। ইউরোপীয় ক্লাব-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিক তাঁর। ফিলিপ্পো ইনজাগি, মারিও গোমেজ ও লুইজ আদ্রিয়ানোর আছে তিনটি করে হ্যাটট্রিক। এর মধ্যে শাখতার দোনেৎস্ক স্ট্রাইকার আদ্রিয়ানোর দুটি হ্যাটট্রিক এ মৌসুমেই, দুটোই বাতে বরিসভের বিপক্ষে এবং পরপর দুই ম্যাচে! একই মৌসুমে দুটি হ্যাটট্রিকের কীর্তি আছে মেসি ও গোমেজেরও। আবার চ্যাম্পিয়নস লিগে অভিষেক মৌসুমেই হ্যাটট্রিক করেছেন ফন বাস্তেন (মিলান), আসপ্রিয়া (নিউক্যাসল), ইয়াকুবু (মাকাবি হাফিয়া), রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), লাকুইনতা (উদিনেসে), গ্রাফিতে (ভলফসবুর্গ) এবং ব্রাহিমি (পোর্তো)। এঁদের মধ্যে আবার রুনির হ্যাটট্রিকের মাহাত্ম্যটা একটু আলাদা। ২০০৪ সালে ফেনেরবাচের বিপক্ষে হ্যাটট্রিক করার দিনে রুনির বয়স ছিল ১৮ বছর ৩৩৫ দিন। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ডটা সেই থেকে এখনো তাঁর।