হ্যাটট্রিক করেও একাদশে থাকা নিয়ে শঙ্কা!

>
- প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের গ্লাস এফসির বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ।
- ম্যাচে হ্যাটট্রিক করেছেন তৌহিদুল আলম সবুজ।
- তবুও লাওসের বিপক্ষে একাদশে থাকা নিশ্চিত নয়।
জাতীয় দলের জার্সিতে গোল করার খেলোয়াড়ের অভাব। অনেক সহজ সুযোগ হেলায় নষ্ট করেন ফরোয়ার্ডরা। এসব দেখে অভ্যাস হয়ে গেছে সমর্থকদের। গতকাল থাইল্যান্ডে ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে তাই চমকে দিয়েছেন তৌহিদুল আলম সবুজ। প্রস্তুতি ম্যাচ হলেও বিদেশি দলের বিপক্ষে হ্যাটট্রিক বলে কথা। তাঁর আগে শেষ কবে কোনো প্রস্তুতি ম্যাচে বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন কে, সেটা মনে করা কঠিন। গোলই দেখা যায় কালেভদ্রে, সেখানে হ্যাটট্রিক!
থাই প্রিমিয়ার লিগের ক্লাবের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের ম্যাচে বাংলাদেশের অন্য গোলটি মাহবুবুর রহমান সুফিলের। লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে ফরোয়ার্ডদের পায়ে গোল, এ নিয়ে স্বস্তিতে থাকার কথা বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের। কিন্তু তিন গোল করেও স্বস্তিতে থাকতে পারছেন না সবুজ। এখনো তাঁর মনে শঙ্কা, একাদশে জায়গা পাবেন তো, ‘ফরোয়ার্ড লাইনে সবাই ভালো করছে। অনেক ফাইট হচ্ছে। একাদশে কে খেলবে কে খেলবে না, তা বলা যাচ্ছে না। হ্যাটট্রিক করলেও আমার সুযোগ হবে, তাও নিশ্চিত করে বলা যাবে না। এটা খুবই ভালো একটা দিক!’
গতকাল বিপুল ইনজুরিতে পড়লে প্রথমার্ধের ১৫ মিনিটেই মাঠে নেমেছিলেন সবুজ। আর আগের প্রস্তুতি ম্যাচে রাতসাবুরির বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে শেষ দিকে সুযোগ পেয়েছিলেন তিনি।
লাওসের বিপক্ষে ম্যাচের আগে থাইল্যান্ড সফরের উদ্দেশ্যই ছিল, খেলোয়াড়দের পরখ করে নেওয়া। তাই দুটি প্রস্তুতি ম্যাচেই ঘুরেফিরে সব খেলোয়াড়কেই খেলিয়েছেন ওর্ড। দুই ম্যাচ শেষে মনে মনে হয়তো একটা একাদশও সাজিয়ে ফেলেছেন। কে থাকবে, কে থাকবে না? তা দেখতে অপেক্ষা করতে হবে ২৭ মার্চ পর্যন্ত।