হ্যাটট্রিক দিয়ে শেষ রোনালদোর

পিচিচি ট্রফিটা আগেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। পরশু গেটাফের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো যখন মাঠে নামলেন, নিজেকে উদ্দীপ্ত করার মতো খুব বেশি কিছু সামনে ছিল না। যেটুকু পাওয়ার তার সবটুকুই অবশ্য পেলেন। আরেকটি হ্যাটট্রিক করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েই মৌসুম শেষ করেছেন। সেই পথে পেরিয়ে গেছেন আরও অনেকগুলো মাইলফলক।
৬১ গোল—সংখ্যাটাই অবিশ্বাস্য! পেশাদার ক্যারিয়ারে এক মৌসুমে এত গোল আগে কখনোই করেননি। পরশুর হ্যাটট্রিকের পর লা লিগায় সিআর-সেভেনের গোল হলো ৪৮, এক মৌসুমে লিগে কখনো এর চেয়ে বেশি গোল পাননি। এর আগে ২০১১-১২ মৌসুমে ৬০ গোল করেছিলেন, লিগে করেছিলেন ৪৬ গোল। এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের (৭৩) মেসির রেকর্ডটাও সেবারই করা। সেবারই মেসি লিগে করেছিলেন রেকর্ড ৫০ গোল। একটুর জন্য সিআর-সেভেন সেটা ছুঁতে পারলেন না।
পরশু ৪৭ মিনিটে হেডটা পোস্টে না লাগলে রোনালদো ওই রেকর্ডের আরেকটু কাছাকাছি চলে যেতেন। তার আগেই অবশ্য হ্যাটট্রিক করে ফেলেছেন। ১৩ মিনিটে মার্সেলোর ক্রস থেকে হেড করে শুরু করেছিলেন। ৩২ মিনিটে পেলেন প্রায় ভুলে যেতে বসা ফ্রি-কিকে গোলের স্বাদ। দুই মিনিট পরই পেনাল্টি থেকে তৃতীয় গোল। নিরাবেগ উদ্যাপন বলে দিচ্ছিল, সবকিছুর বিনিময়ে লা লিগাটাই চাইতেন।
মাঠে নামার আগেই অবশ্য নিশ্চিত হয়ে যায়, গত মৌসুমের পর এবারও পিচিচি ট্রফিটাও তাঁর হাতেই উঠছে। দেপোর্তিভোর সঙ্গে ম্যাচে মেসির জোড়া গোলে রোনালদো এগিয়ে ছিলেন ২ গোলে। রিয়াল মাদ্রিদের হয়ে টানা দুই মৌসুম পিচিচি ট্রফি জেতার সর্বশেষ কীর্তি হুগো সানচেজের। সবসুদ্ধ রোনালদো এই পুরস্কার পেয়েছেন তিনবার। ইউরোপিয়ান গোল্ডেন বুটও নিশ্চিত হয়ে গেছে একই সঙ্গে।
লা লিগায় সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তো বটেই, ইউরোপিয়ান গোল্ডেন বুটেও রোনালদোর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মেসি। শীর্ষ লিগগুলোর বাকি সর্বোচ্চ গোলদাতারা যোজন যোজন পিছিয়ে। রোনালদো-মেসির পর ২৫ গোল করে তৃতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো। ২১ গোল করে কাল পর্যন্ত ইতালিয়ান লিগের শীর্ষে ভেরোনার পোড় খাওয়া স্ট্রাইকার লুকা টনি।
জার্মানির বুন্দেসলিগায় ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফ্রাঙ্কফুর্টের আলেকজান্ডার মেয়ার। অবাক করা ব্যাপার, গত সাত ম্যাচে চোটের জন্য নামতেই পারেননি এই জার্মান ফরোয়ার্ড। ১৭ গোল নিয়ে এরপর আছেন বায়ার্নের আরিয়েন রোবেন ও রবার্ট লেভানডফস্কি। রোবেনও দুই মাস ধরে মাঠের বাইরে, এই মৌসুমে ম্যাচ খেলেছেন মাত্র ২১টি। পুরস্কার পেয়ে মেয়ার নিজেই খানিকটা বিস্মিত, ‘মনে করেছিলাম সুযোগটা আমি হারিয়ে ফেলেছি!’ এএফপি।
ইউরোপীয় লিগের সর্বোচ্চ গোলদাতারা
লালিগা
৪৮ক্রিস্টিয়ানোরোনালদো
রিয়াল মাদ্রিদ
ইংলিশপ্রিমিয়ারলিগ
২৫সার্জিওআগুয়েরো
ম্যানচেস্টার সিটি
বুন্দেসলিগা
১৯আলেকজান্ডারমেয়ার
ফ্রাঙ্কফুর্ট
সিরিআ
২১লুকাটনি
ভেরোনা
* গতকাল পর্যন্ত