হ্যাটট্রিকই হলো কান্তের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ ফুটবল লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে এনগোলো কান্তে l ডেইলি মেইল
ইংলিশ ফুটবল লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে এনগোলো কান্তে l ডেইলি মেইল

পুরস্কারের দৌড়ে ছিলেন চেলসি সতীর্থ এডেন হ্যাজার্ড। ছিলেন আর্সেনালের অ্যালেক্সিস সানচেজ, টটেনহামের হ্যারি কেন-ডেলে আলিরাও। তবে মাঠে দৌড়াদৌড়িতে যেমন সবাইকে হার মানিয়ে যান, তেমনি পুরস্কারের ‘দৌড়ে’ও অন্য সব তারকাকে ছাপিয়ে গেলেন এনগোলো কান্তেই। জিতে নিলেন ইংলিশ ফুটবল লিগের দেওয়া প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
ব্যক্তিগত পুরস্কারের হ্যাটট্রিকই হলো চেলসির ২৬ বছর বয়সী ফ্রেঞ্চ মিডফিল্ডারের। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ও প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন—দুটিরই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার আগেই জিতে নিয়েছিলেন, কাল জিতলেন তৃতীয়টি।
কী দুর্দান্ত একটি বছরই না গেল কান্তের! গত মৌসুমে লেস্টার-রূপকথায় বড় অবদান ছিল তাঁর। কিন্তু এই মৌসুমে চেলসিতে আসার পর তাঁকে ঘিরে একটু সংশয় ছিল— নিজে যে মানটা দাঁড় করিয়েছেন, তা টানা দ্বিতীয় মৌসুমে ধরে রাখতে পারবেন তো? পারবেন চেলসির মতো ক্লাবে চাপের সঙ্গে মানিয়ে নিতে?
দুটি প্রশ্নের উত্তর কান্তে দিলেন দুর্দান্তভাবে। লেস্টার সিটির পর চেলসি—এরিক ক্যান্টোনার পর ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে দুটি ভিন্ন ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন। সেটি যদি হয় দলীয় সাফল্যের প্রমাণ, তাঁর ব্যক্তিগত দক্ষতার কথা বলবে এই তিনটি বর্ষসেরার ট্রফি!
‘বছরের সেরা খেলোয়াড় হওয়াটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমাকে যাঁরা ভোট দিয়েছেন, সবাইকেই ধন্যবাদ জানাতে চাই’—পুরস্কার হাতে নেওয়ার পর প্রতিক্রিয়াটা সরলই ছিল কান্তের। সেরাদের সেরা হওয়ার পেছনে তেমন রহস্যই নেই তাঁর, ‘অনুশীলনে অনেক পরিশ্রম করি আমি। চেষ্টা করি সব সময় সেরাটা দেওয়ার। আর এত দুর্দান্ত সব খেলোয়াড়ের সঙ্গে খেলি...এ জন্যই টানা দুবার লিগ জিতলাম।’
দুটি লিগ শিরোপা কান্তের দল অবশ্য জিতেছে দুই ভিন্ন ধরনের গল্প লিখে। লেস্টার সিটি তো সম্ভব-অসম্ভবের মাত্রাই নতুন করে চিনিয়েছে, আর আন্তোনিও কন্তের চেলসি নিজেদের খুঁজে পেয়েছে মৌসুমের মাঝপথে এসে। সেপ্টেম্বরে টানা দুই হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা ১৩ ম্যাচে জয়ই গড়ে দিয়েছে চেলসির শিরোপা জয়ের পথ। সব মিলিয়ে ৩৮ ম্যাচের মধ্যে জিতেছে ৩০টি ম্যাচ!
এত এত জয়ের মধ্যে দুটিকে একটু আলাদা করেই রাখছেন কান্তে, ‘দুর্দান্ত অনেক ম্যাচ খেলেছি। তবে এভারটনের সঙ্গে ৫-০ গোলে জয়ের ম্যাচটা অনেক সুন্দর ছিল। আর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আমার গোলের ম্যাচ (৪-০ গোলে জিতেছিল চেলসি)।’ স্কাই স্পোর্টস।