হ্যাটট্রিকটাই রইল অমর

টমি রস। নামটা বললে হয়তো কিছুই মনে পড়বে না। উল্টো প্রশ্ন জাগতে পারে, কে এই ভদ্রলোক?
কে তিনি, সেটি বলবে ফুটবলের রেকর্ড বই। বলবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও। ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের কীর্তি যে এই স্কটিশ ভদ্রলোকের। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে করেছিলেন তিন তিনটি গোল!
রেকর্ডটা কখনো ভাঙবে কি না, সন্দেহ আছে। হয়তো অমরই হয়ে থাকবে এই রেকর্ড। তবে রেকর্ডধারী রস গত পরশু পাড়ি দিয়েছেন পরলোকে। খেলা ছাড়ার পর নব্বইয়ের দশকে কোচিং করিয়েছিলেন যে ক্লাবকে, স্কটল্যান্ডের সেই সেন্ট দুথুস ক্লাবই টুইট করে জানিয়েছে রসের মৃত্যুর খবর।
অতিমানবীয় রেকর্ডটা রস গড়েছিলেন ১৯৬৪ সালের ২৪ নভেম্বর। তাঁর নামের সঙ্গে ক্লাবেরও মিল আছে, তখন খেলতেন স্কটিশ ক্লাব রস কাউন্টিতে। আর রেকর্ড গড়েছেন নেয়ার্ন কাউন্টির বিপক্ষে ম্যাচে। সে সময় মাত্র ১৮ বছর বয়সী রস ওই মৌসুমে মোট ৪৪ গোল করেছিলেন!
পরলোকেও হয়তো এসব নিয়ে গর্ব করবেন রস। এএফপি।