হ্যাটট্রিকে উজ্জ্বল তুরান-পেরেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি গোল করেছেন, মেসির গোলটিতে রেখেছেন অবদান। পরশু মনশেনগ্লাডবাখের বিপক্ষেই আরদা তুরান দেখালেন বার্সার জার্সিতে তাঁর সেরা পারফরম্যান্স। সতীর্থদের উদ্‌যাপনের কেন্দ্রে তাই তুর্কি মিডফিল্ডার l এএফপি
তিনটি গোল করেছেন, মেসির গোলটিতে রেখেছেন অবদান। পরশু মনশেনগ্লাডবাখের বিপক্ষেই আরদা তুরান দেখালেন বার্সার জার্সিতে তাঁর সেরা পারফরম্যান্স। সতীর্থদের উদ্‌যাপনের কেন্দ্রে তাই তুর্কি মিডফিল্ডার l এএফপি

হ্যাটট্রিক দরকার ছিল লিওনেল মেসির। তা হলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ১১ গোলের রেকর্ডটা ভাঙতে পারতেন। সেটি হয়নি, বার্সেলোনা ফরোয়ার্ড পরশু করেছেন এক গোল। তবে ন্যু ক্যাম্পে পরশু হ্যাটট্রিক একটা হলো। সেটি যে মেসির নয়, তা তো আগেই জানলেন। নেইমার-সুয়ারেজ তো মাঠেই নামেননি।
তাহলে গোল তিনটি করলেন কে? ম্যাচের আগে হ্যাটট্রিকের কথা সম্ভবত যিনি নিজেও ভাবেননি—আরদা তুরান! তুর্কি মিডফিল্ডারের হ্যাটট্রিক, সঙ্গে মেসির গোল মিলিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

লুকাস পেরেজ
লুকাস পেরেজ

চ্যাম্পিয়নস লিগ এদিন হ্যাটট্রিক দেখেছে আরও একটি। বাসেলের মাঠে সেটি করেছেন বলতে গেলে অখ্যাত একজন—লুকাস পেরেজ। তাতে আর্সেনালও পেয়েছে ৪-১ গোলের জয়। যেটির সৌজন্যে ২০১১-১২ মৌসুমের পর এই প্রথম গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে গেল আর্সেন ওয়েঙ্গারের দল।
এই দুটি ম্যাচই গোলবহুল হলেও দিনের সবচেয়ে বড় ম্যাচটি দেখেছে মাত্র এক গোল। ফ্রি-কিক থেকে রবার্ট লেভানডফস্কির দুর্দান্ত সেই গোলে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ের পরও অ্যাটলেটিকোর পেছনে থেকে গ্রুপে দ্বিতীয় হয়েই শেষ ষোলোতে উঠেছে কার্লো আনচেলত্তির দল।
শাপমোচন? তুরানের জন্য হ্যাটট্রিকটি অনেকটা তা-ই ছিল। গত শনিবার এল ক্লাসিকোতে যে ফ্রি-কিক থেকে গোল খেয়ে রিয়াল মাদ্রিদকে হারাতে পারল না বার্সেলোনা, সেই ফ্রি-কিকটি রিয়াল পেয়েছিল তুরানের ফাউল থেকে। শাপমোচনের জন্য এমন একটা পারফরম্যান্স দরকারই ছিল তুরানের।
তা তুরান জ্বলে উঠলেন, কোচ লুইস এনরিকের ভাষায় ‘মৌসুমের সবচেয়ে নিখুঁত’ ম্যাচে। প্রথমার্ধে মেসির গোলটি তাঁর পাসেই, দ্বিতীয়ার্ধে তুরান নিজেই ‘গোলমেশিন’। ৫০ থেকে ৬৭—১৭ মিনিটে মধ্যে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। এনরিকে তুরানের প্রশংসা না করে পারেননি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৮ গোল করা তুরানকে নিয়ে বার্সা কোচের উচ্ছ্বাস, ‘তুরান এই বছর অনেক গোল করছে। আর আক্রমণে বাঁ প্রান্তে যখন খেলে, ও আসলেই অনেক ভয়ংকর।’
এ ম্যাচে ভয়ংকর ছিল পুরো বার্সাই। প্রতিপক্ষ মনশেনগ্লাডবাখ কোচ আন্দ্রে শুবার্টের ভাষায়, ‘বার্সেলোনা ছিল অনেক বেশি বার্সেলোনার মতো।’ তা সেটি কেমন? পুরো ম্যাচে বার্সা সফল পাস দিয়েছে ৯৩৯টি, ফুটবল পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট অপ্টা ২০০৩ সাল থেকে এসব রেকর্ড রাখা শুরু করার পর যা চ্যাম্পিয়নস লিগে রেকর্ড।
তবে বার্সেলোনাও করতে পারলে খুশি হবে, এমন গোল পরশু করেছে আর্সেনাল। নিজেদের মধ্যে ৩৩টি পাস খেলে দলের দ্বিতীয় গোলটি করেছে তারা। ম্যাচজুড়েই দুর্দান্ত পারফরম্যান্সে বাসেলকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন পেরেজ-ওজিলরা। ওয়েঙ্গার অবশ্য খুশি চার মৌসুম পর গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠতে পেরে। যদিও সোমবার শেষ ষোলোর ড্রতে বায়ার্ন বা রিয়াল-ডর্টমুন্ডের মতো দল প্রতিপক্ষ হয়ে আসতে পারে, আর্সেনাল কোচ এখনই এটা নিয়ে ভাবছেন না, ‘(প্রতিপক্ষ কে হবে) এখন তো বলা যাচ্ছে না, তবে দ্বিতীয় হয়ে খারাপ ড্র পাওয়ার চেয়ে গ্রুপ শীর্ষে থেকে খারাপ ড্র পেলে খারাপ কম লাগবে।’
দিনের অন্য ম্যাচে হয়েছে নাটক, বেনফিকার মাঠে ২-১ গোলে জিতে নাপোলি তো শেষ ষোলোতে উঠেছেই, হেরেও উঠে গেছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির পথের কাঁটা হতে পারত যারা, সেই বেসিকতাস ডায়নামো কিয়েভের মাঠে নয়জনের দল হয়ে পড়ে হেরেছে ৬-০ গোলে। এএফপি, ইএসপিএন।

এক নজরে
পিএসভি ০: ০ রোস্তভ
বায়ার্ন ১: ০ অ্যাটলেটিকো
ম্যান সিটি ১: ১ সেল্টিক
বার্সেলোনা ৪: ০ ম’গ্লাডবাখ
বেনফিকা ১: ২ নাপোলি
কিয়েভ ৬: ০ বেসিকতাস
বাসেল ১: ৪ আর্সেনাল
পিএসজি ২: ২ লুদোগোরেৎস
*প্রথমে স্বাগতিক দল

>

২০ গোল
পরশু ৪ গোল নিয়ে এবার গ্রুপ পর্বে মোট ২০ গোল করেছে বার্সেলোনা, যা চ্যাম্পিয়নস লিগ রেকর্ড। অবশ্য বার্সেলোনা এ নিয়ে দুবার রেকর্ডটা ছুঁল। সব মিলিয়ে তিনটি দল চারবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে করেছে ২০ গোল। এবারের আগে বার্সেলোনা রেকর্ডটা ছুঁয়েছিল ২০১১-১২ মৌসুমে। অন্য দুটি দল ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৮৮-৯৯) ও রিয়াল মাদ্রিদ (২০১৪-১৫)। অবশ্য কাল রাতে রিয়ালের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ড (৫ ম্যাচে ১৯ গোল) দুই বা তার বেশি গোল করে থাকলে ভেঙে গেছে ২০ গোলের এই রেকর্ড।