হ্যাটট্রিকের পর জিদানের প্রশংসা রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসপানিওলের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন রোনালদো। ছবি: এএফপি।
এসপানিওলের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন রোনালদো। ছবি: এএফপি।

যেন ভোজবাজির মতো পাল্টে গেছে সবকিছু। জিনেদিন জিদান দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন নিজেদের ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। দল ভালো খেলছে, খেলোয়াড়েরাও যেন উজ্জীবিত, ক্ষুধার্ত, ভালো ফুটবলের জন্য। ফরাসি ফুটবল-কিংবদন্তি কোচ হওয়ার পর প্রথম ৩ ম্যাচে ১১ গোল করা রিয়াল জ্বলে উঠল কালও। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বেনিতেজ-উত্তর সময়ে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখল দারুণভাবেই।

জিদান কোচ হওয়ার পর সর্বশেষ ৪ ম্যাচে তিনটি জয়, একটি ড্র, এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ১৭ গোল—নতুন কোচের অধীনে দলের পারফরম্যান্স কেমন হচ্ছে, এই সহজ পরিসংখ্যানই তো বলে দিচ্ছে সবকিছু।

রোববার রাতে এসপানিওলের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন করিম বেনজেমা আর হামেস রদ্রিগেজ। অন্যটি ছিল এসপানিওলের অস্কার দুয়ার্তের আত্মঘাতী গোল। দারুণ হ্যাটট্রিকে লিগে তাঁর ১৯তম গোলটিও পেয়ে গেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা ৩০। এই মৌসুমে এসপানিওলকে যেন পেয়ে বসেছেন রোনালদো। দুই লেগ মিলিয়ে এই দলটির বিপক্ষে কাল নিজের অষ্টম গোলটি করলেন রোনালদো। প্রথম লেগে একাই করেছিলেন ৫ গোল।

ম্যাচ শেষে সকলের মনোযোগের কেন্দ্রেই ছিলেন রোনালদো। ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নিজের ফিরে পাওয়া ফর্মের জন্য ধন্যবাদ জানিয়েছেন কোচ জিদানকে। বলেছেন, ‘নতুন কোচ দলের ফিটনেস নিয়ে কাজ করছেন। আর এর ফল হাতেনাতে পাচ্ছেন প্রতিটি খেলোয়াড়।’

জিদান দায়িত্ব নিয়ে দলের খেলোয়াড়দের মানসিকতাতেও নাকি পরিবর্তন এনেছেন, ‘আমাদের মানসিকতা এই মুহূর্তে অনেক বেশি ইতিবাচক। মৌসুমের শুরু থেকে সময়টা আমাদের একেবারেই ভালো যায়নি। “জিজু” কিছু নতুন ধ্যানধারণার প্রয়োগ ঘটাচ্ছে। তাতে দলও ভালো করছে। তবে আমাদের এই অবস্থাটা ধরে রাখতে হবে।’ সূত্র: এএফপি।