হয় মেসি, নয় এনরিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, লুইস এনরিকে
লিওনেল মেসি, লুইস এনরিকে

ন্যু ক্যাম্পে অস্থিরতা তাহলে বাড়ছেই? স্প্যানিশ সংবাদমাধ্যমে চোখ বোলালে তা-ই মনে হবে। জুবিজারেতাকে ছাঁটাই, পুয়োলের পদত্যাগ, দলের অনুশীলনে মেসির অনুপস্থিতি সব ছাপিয়ে এখন একটা গুঞ্জন বেশ জোরালো। কোচ লুইস এনরিকের সঙ্গে মোটেও জমছে না লিওনেল মেসির। আর দুজনের ব্যক্তিত্বের সংঘাতে নাকি অনিশ্চিত হয়ে উঠেছে বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ! এমনকি আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি বার্সেলোনার পরিচালনা পর্ষদকে স্পষ্ট করেই বলে দিয়েছেন, ন্যু ক্যাম্পে হয় এনরিকে থাকবেন, নতুবা তিনি!
তবে কাল সংবাদ সম্মেলনে বার্সা সভাপতি জোসেপ বার্তোমেউ এ খবরকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিয়েছেন, ‘পুরো গল্পটাই মিথ্যা। গল্পটা যেই ছড়াক না কেন, ক্লাবের ক্ষতি করতেই করেছে। মেসির সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি। সে এখানে সুখেই আছে।’ মৌসুম শেষে নতুন নির্বাচনের ঘোষণাও দিয়েছেন নানা বার্তেমেউ।
গত রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে একমাত্র গোলে হেরে যাওয়া লা লিগা ম্যাচের প্রথম একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে তাঁকে মাঠে নামান কোচ লুইস এনরিকে। পরদিন দলের অনুশীলনে যোগ দেননি মেসি। পরে জানা গেছে, আর্জেন্টাইন ফরোয়ার্ড পেটের পীড়ায় ভুগছিলেন। তবে স্প্যানিশ দৈনিক স্পোর্ত দাবি করেছে, এর মধ্যে অন্য ব্যাপার আছে। এনরিকের সঙ্গে মেসির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বছরের প্রথম অনুশীলনেই নাকি দুজনের মধ্যে লেগে গিয়েছিল, হয়েছে কথা-কাটাকাটিও। সোমবার মেসি অনুশীলনে যোগ না দেওয়ায় এনরিকে খুবই খেপে যান। এমনকি মেসিকে ডেকে তিরস্কারও করতে চেয়েছিলেন। কিন্তু পরে তাঁকে শান্ত করেন বার্সেলোনার তিন অধিনায়ক জাভি, ইনিয়েস্তা ও সার্জিও বুসকেটস। কোচের মনোভাব জেনে খেপে ওঠেন মেসিও। তবে একইভাবে তাঁকেও বুঝিয়ে-শুনিয়ে শান্ত রাখেন ওই তিনজন। অন্য দৈনিক এএস অবশ্য দাবি করছে, ব্যাপারটা মোটেও শেষ হয়নি। মেসি নাকি বার্সেলোনার পরিচালনা পর্ষদের সঙ্গে দেখা করে বলে দিয়েছেন, এনরিকের দর্শনে তিনি বিশ্বাস করেন না। ন্যু ক্যাম্পে তাই দুজনের একসঙ্গে থাকার কোনো সুযোগ নেই। বার্সেলোনার বেছে নিতে হবে যেকোনো একজনকে! আজ কোপা ডেল রেতে এলচের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নে জর্জরিত হতে হয়েছে এনরিকেকেও। বার্সেলোনা কোচ অবশ্য এড়িয়ে গেছেন সব বিতর্কিত প্রশ্ন। লিওনেল মেসির ভবিষ্যৎ কী—এ প্রশ্নের জবাবে শুধু বলেছেন, ‘ফুটবল’!’
ওদিকে এই অস্থিরতার জন্য বার্তোমেউকেই সবচেয়ে বেশি দায়ী করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড রিস্তো স্তয়চকভ। বার্সা প্রশাসনের নির্বুদ্ধিতার কারণে শেষ পর্যন্ত অসন্তুষ্ট হয়ে মেসিকে বার্সেলোনা ছাড়তে হতে পারে বলেও মনে করেন বুলগেরিয়ান এই কিংবদন্তি, ‘বার্সেলোনা মেসির কদরই করতে পারছে না। আমাকে একজন বিদেশি খেলোয়াড়ের নাম বলুন যে বার্সেলোনা থেকে অসন্তুষ্ট হয়ে বিদায় নেয়নি? এই গাধাদের জন্যই মেসি আরেকটা ব্যালন ডি’অর থেকে বঞ্চিত হচ্ছে।’ মার্কা, এএস, ডেইলি মেইল, এএফপি।