হয়তো কোচ আমার কথা ভুল বুঝেছেন: মেসি

করোনাভাইরাসের বিরতি কাটিয়ে আবার অনুশীলনে ফিরে এই প্রথম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লিওনেল মেসি। তা-ও সামনাসামনি বসে নয়। তাঁকে পাঠানো লিখিত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি স্পেনের পত্রিকা স্পোর্ত ও মুন্দো দেপোর্তিভোকে। বার্সার ওয়েবসাইট সেটি সংকলিত করে প্রকাশ করেছে। নিজের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থাসহ নানা বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা—
প্রসঙ্গ: কোয়ারেন্টিনের সময় বাড়িতে থাকা ও অনুশীলন...
লিওনেল মেসি: নিজেকে ফিট রাখতে বাড়িতে অনুশীলনের মধ্যেই ছিলাম। শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থায়ই আছি। তবে সেটা তো কখনোই দলের সঙ্গে কোচিং স্টাফের সামনে অনুশীলন করার মতো হবে না।
মানসিক দিক থেকে আমরা সবাই কঠিন সময় পার করছি। কারণ, এটা অদ্ভুত এক সময়। কিন্তু আন্তোনেল্লা (মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো) আর বাচ্চাদের সঙ্গে সময়টা ভালোই কেটেছে। বাচ্চারা তো দ্রুতই বেড়ে উঠেছে। আমরা সবাই মিলে সময়টা খুব উপভোগ করেছি। এ সময়ে এমন অনেক কিছু করতে পেরেছি, যেটা স্বাভাবিক সময়ে আমরা পারি না।
প্রসঙ্গ: ফুটবলে ফেরার ব্যাপারে যেসব সতর্কতা নেওয়া হয়েছে তা নিয়ে...
মেসি: (করোনা) প্রতিরোধের জন্য এসব সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াটা জরুরি। অনুশীলনে ফেরাটা প্রথম ধাপ। তবে আমাদের সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে করে আমরা আবার খেলা শুরু করতে পারি। দর্শকশূন্য গ্যালারিতে খেলা হলেও আমাদের সতর্ক থাকতে হবে।
প্রসঙ্গ: আবার যে খেলা শুরু হতে যাচ্ছে...
মেসি: আমি তো আবার খেলা শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি। গ্যালারিতে কোনো সমর্থক থাকবে না, এটা অবশ্য খুব অদ্ভুত লাগবে। মাঝের বিরতিটা হয়তো আমাদের জন্য ভালোই হয়েছে। তবে এখন দেখি, খেলা শুরু করা যায় কি না। তাহলেই বুঝতে পারব আমরা যেভাবে মৌসুম শুরু করেছিলাম, সেই সময়ের তুলনায় কী অবস্থায় আছি।
আমাদের এই দলটির প্রতি পুরো আস্থা আমার আছে। বাকি সব টুর্নামেন্ট জেতার সামর্থ যে আমাদের আছে এ নিয়েও আমার সংশয় নেই। সবারই নিজস্ব মত আছে, সব মতই সম্মান করি। কিন্তু আমরা যেভাবে খেলছিলাম তাতে আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ ছিল না। হয়তো সেতিয়েন আমার কথা ভুল বুঝেছেন, নতুবা যা বলতে চেয়েছেন তা ঠিকভাবে প্রকাশ করতে পারেননি। (ফেব্রুয়ারিতে মেসি বলেছিলেন বার্সা যেভাবে খেলছে তা দিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব নয়। কিন্তু এপ্রিলে বার্সা কোচ কিকে সেতিয়েন বলেছিলেন লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটিই জয়ের স্বপ্ন দেখেন তিনি।)
প্রসঙ্গ: করোনাভাইরাস পরবর্তী দলবদলের বাজার ও বার্সার দলবদল...
মেসি: দলবদলের বাজারও অন্য রকম হবে। তবে আমরা এর আগে যা করেছি ঠিক সেভাবে ঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমি ঠিক জানি না, লওতারো মার্তিনেজকে ক্লাব আনবে কি না। সে দুর্দান্ত এক ফরোয়ার্ড, সম্পূর্ণ একজন ফুটবলার। সে ভালো ড্রিবল করে। গোলক্ষুধা আছে, আবার বল নিয়ন্ত্রণেও ভালো। জানি না শেষ পর্যন্ত ওর বা বাকি যাদের নিয়ে কথা হয়েছে তাদের সবার বেলায় আসলে কী ঘটবে।