১ এপ্রিলই পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ওর্ড

>
- এক বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন ওর্ড
- চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি
- ইচ্ছে করলে ৬ জুন পর্যন্ত ওর্ডকে রাখতে পারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন
অ্যান্ড্রু ওর্ড নামটা এখন বাংলাদেশের ফুটবলে অতীত অধ্যায়ই। অস্ট্রেলীয় এই কোচ বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যোগ দিচ্ছেন থাইল্যান্ড প্রিমিয়ার লিগের ক্লাব এয়ারফোর্স ইউনাইটেডে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ১ এপ্রিল ছুটিতে থাকা অবস্থাতেই ই-মেইলে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন ওর্ড। বাফুফে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছে।
বাফুফে তাঁকে ইচ্ছা করলেই চুক্তির মেয়াদের শেষ দিন পর্যন্ত (৬ জুন) কাজ করিয়ে নিতে পারত। অন্য কোথাও কাজ করার জন্য বাফুফের সম্মতি পাওয়া না–পাওয়ার ব্যাপার ছিল। কিন্তু ফেডারেশন এটির প্রয়োজন মনে করেনি।
আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। যেহেতু তাঁকে সেখানে পাওয়া যাবে না, তাই ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আমাদের সঙ্গে ওর্ডের চুক্তি ছিল আগামী ৬ জুন পর্যন্ত। আমরা ইচ্ছে করলে ওকে চুক্তি শেষ করাতে পারতাম। কিন্তু তাকে তো আর সাফে পাওয়া যাবে না। তাই সাফের আগে কোচ যখন নিতেই হবে, আগেভাগে নিতে পারলেই দলের জন্য ভালো। তাই আর আমরা ওকে আটকানোর চেষ্টা করিনি।’
ওর্ডের বিদায়ে আবার নতুন কোচের সন্ধানে নামতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। সে ক্ষেত্রে বিদেশিই থাকছে বাফুফের পছন্দে।
এশিয়ান কাপের প্রাক-বাছাইপর্বে ভুটানের পর এক বছরের চুক্তিতে বেলজিয়ামের কোচ টম সেইন্টফিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন ওর্ড। চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও হয়েছিল দুই পক্ষের মধ্যে। কিন্তু শেষ দিকে এসে ওর্ড আগ্রহী হননি বাংলাদেশে থাকতে। প্রায় এক বছরে বাংলাদেশের দায়িত্ব থাকাকালে মাত্র একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমন করুণ অবস্থায় কোন কোচই বা থাকতে চাইবেন?