১ কোটি ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার সাবেক সহসভাপতি  জেফরি ওয়েব
ফিফার সাবেক সহসভাপতি জেফরি ওয়েব

অর্থ পাচার ও ঘুষসংক্রান্ত মামলায় মার্কিন আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন। কিন্তু জামিন পাওয়ার জন্য তো এক কোটি ডলার জামানত দিতে হবে। সেটা জোগাড় করাও বিশাল ব্যাপার। ফিফার সাবেক সহসভাপতি জেফরি ওয়েবের সম্পদ কতখানি, সেটারই যেন একটা ‘প্রদর্শনী’ হয়ে গেল। বিলাসবহুল ঘড়ি, দামি গাড়ি, মূল্যবান অলংকার...ওয়েবের জামানতের চাকচিক্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতোই। গত মে-তে দুর্নীতির অভিযোগে জুরিখে গ্রেপ্তার হওয়া সাত ফিফা কর্মকর্তার একজন ছিলেন ওয়েব।
তালিকাটা ঘড়ি দিয়েই শুরু করা যাক। বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্সের পাঁচটি ঘড়ির সঙ্গে কার্টিয়ার রোডস্টার, হাবলট, ব্রেইটলিং, পানেরাই, রয়্যাল ওকে অফশায়ার ও লুমিনোর মারিনার ঘড়ি আদালতের কাছে জামানত হিসেবে রেখেছেন ওয়েব। গাড়ি তিনটি—সর্বশেষ মডেলের ফেরারি, ২০১৪ র্যা ঞ্জ রোভার আর ২০১৩ মডেলের মার্সিডিজ বেঞ্জ। প্রথম দুটিই অবশ্য ওয়েবের স্ত্রী ড. কেন্দ্রা গ্যাম্বল ওয়েবের নামে। সঙ্গে নগদ অর্থও দিয়েছেন প্রায় ৪০ লাখ ডলারের।
অলংকারও আছে অনেক। বিয়েতে স্ত্রীকে দেওয়া হিরের আংটিও আছে। হিরের অন্যান্য অলংকার তো আছেই। একজোড়া করে দুল আছে হিরের ও মুক্তোর। আর ১০ লাখ ডলারের জামানত হিসেবে দেখানো হয়েছে স্থাবর সম্পত্তি।
সুইজারল্যান্ডের জুরিখে গ্রেপ্তার হওয়ার পর ওয়েবকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। ফিফা কর্তাদের মধ্যে প্রথম আদালতে হাজিরও করা হয়েছে কনকাক্যাফের সাবেক এই সভাপতিকে। তবে আপাতত ছাড়া পেলেও নজরবন্দীর মধ্যেই থাকতে হবে ওয়েবকে। ব্রুকলিনের আদালতের ২০ মাইল পরিধির বাইরে যেতে পারবেন না। নিজেদের পাসপোর্টও এরই মধ্যে এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছেন ওয়েব দম্পতি। এএফপি, ইএসপিএন।