১ হাজার ১২১ কোটি টাকার মাদক পাচারের সন্দেহ ফুটবলারকে নিয়ে

কুইন্সি প্রমিসের বিরুদ্ধে উঠেছে বড় বড় সব অভিযোগছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ ফর্মে আছেন কুইন্সি প্রমিস। রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোর হয়ে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন। এ মৌসুমে ২৩ ম্যাচে ১০ গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১টি। নানা বিতর্ক পার করে ডাচ্‌ উইঙ্গার আবার আলো ছড়াতে শুরু করেছেন, কিন্তু আবার বিতর্ক পেয়ে বসেছে নেদারল্যান্ডসের এই ফুটবলারকে।

৩০ বছর বয়সীর বিরুদ্ধে ২০২০ সালে অভিযোগ উঠেছিল জ্ঞাতি ভাইকে ছুরিকাঘাত করার। সে মামলা নিয়ে এখনো ব্যস্ত থাকতে হয় তাঁকে। সে মামলার মধ্যেই তাঁর বিরুদ্ধে এবার মাদক পাচারে জড়িত থাকার অভিযোগও উঠেছে।

কুইন্সি প্রমিস
ছবি: টুইটার

২০২০ সালে আয়াক্সে খেলার সময় হঠাৎ গ্রেপ্তার হন প্রমিস। সে বছরের জুনের এক ঘটনায় এই উইঙ্গারকে গ্রেপ্তার করে নেদারল্যান্ডস পুলিশ। দাবি করা হয়েছিল, ভুক্তভোগী প্রমিসের জ্ঞাতি ভাই। আমস্টারডামের একটু বাইরে আবকুদে অঞ্চলে পারিবারিক এক অনুষ্ঠানে গুরুতর আহত হয়েছিলেন নাম প্রকাশ না করা ওই ব্যক্তি। দুই দিন হাজতে থাকলেও অভিযোগ স্বীকার করেননি প্রমিস।

এরপরই আয়াক্স ছেড়ে স্পার্তাক মস্কোতে ফেরেন প্রমিস। জাতীয় দলের হয়ে ইউরোতেও খেলেছেন। পাশাপাশি আদালতেও হাজিরা দিয়েছেন। প্রথমে তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা চেষ্টার অভিযোগ করেছিল ভুক্তভোগীর আইনজীবীরা। কিন্তু মামলার কাজ ত্বরান্বিত করতে গত সপ্তাহে তাঁরা হত্যাচেষ্টার অভিযোগই করেছেন। ৩১ মার্চ এই মামলার শুনানি হবে।

কুইন্সি প্রমিস
ছবি: টুইটার

এর মধ্যেই নতুন দিক উন্মোচন করেছে ‘দ্য টেলিগ্রাফ’। ডাচ্‌ পত্রিকা দাবি করছে, ওই ঘটনার পর এ ফোনালাপে ছুরি মারার কথা স্বীকার করেন প্রমিস। ফোনালাপে নাকি প্রমিস ইঙ্গিত দিয়েছেন, জ্ঞাতি ভাইকে খুন করারই ইচ্ছা ছিল তাঁর! কী কারণে প্রমিসের ফোনালাপ শোনা হয়েছে, সেটা খোলাসা করেননি মামলার কৌঁসুলিরা। তবে শোনা যাচ্ছে, ফোনালাপ শোনার পেছনে মাদক পাচারের অভিযোগই মূল কারণ।

একটি মাদক পাচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত প্রমিস, এমনই সন্দেহ করা হচ্ছে। বলা হচ্ছে, প্রমিস ও তাঁর আত্মীয়স্বজন মিলে ২০২০ সালে চার হাজার কেজি কোকেন পাচার করার চেষ্টা করেছিলেন। যার আর্থিক মূল্য ১০ কোটি পাউন্ড বা ১ হাজার ১২১ কোটি টাকা! টেলিগ্রাফ বলছে, এ মামলায় প্রমিসের পরিবারের বেশ কয়েকজন সদস্য মাদক পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে এখন কারাগারে। গ্রেপ্তার এক আত্মীয়কে প্রতি সপ্তাহেই নাকি ফোন করেন প্রমিস।