১, ২ , ৩ আর ৭!

১-০, ১-১, ১-২, ২-২, ৩-২, ৩-৩, ৪-৩!
এটা সংখ্যাতত্ত্বের কোনো খেলা নয়, মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের গোলের টাইমলাইন। যা বলে দিচ্ছে ম্যাচের পরতে পরতে উত্তেজনার কথা। ম্যাচে কখনো মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে গিয়েছে, আবার কখনো ব্রাদার্স। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ব্রাদার্সের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে মোহামেডান।
কী ছিল না ম্যাচে! লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্রাদার্সের ডিফেন্ডার আকরামুজ্জামান লিটন। জোড়া গোল করেছেন মোহামেডানের এনকোচা কিংসলে। তিনটি গোল এসেছে পেনাল্টি থেকে। আর ম্যাচের অন্তিমমুহূর্তে ম্যাচে সপ্তম গোলে নাটকের পূর্ণতা দিয়েছেন জয়ী দলের মিঠুন চৌধুরী।
মোহামেডানের পক্ষে কিংসলে ও মিঠুন ছাড়া অন্য গোলটি বিপলু আহমেদের। আর ব্রাদার্স ইউনিয়নের তিনটি গোল এসেছে ওয়ালসন অগাস্টিন, মেজবাহ আহমেদ ও সিও জুনাপিওর পা থেকে।
ম্যাচের প্রথম সুযোগটি কাজে লাগিয়ে ছয় মিনিটে এগিয়ে যায় মোহামেডান। অনিক হোসেনের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক থেকে মাপা শটে গোলরক্ষক কামাল হোসেন টিটুকে পরাস্ত করেন বিপলু আহমেদ (১-০)। পাঁচ মিনিট পরেই স্পট কিক থেকে ব্রাদার্সকে ১-১ সমতায় ফেরান অগাস্টিন। ডি বক্সের মধ্যে মঞ্জুরুর রহমানের হাতে বল লাগলে পেনাল্টি পায় ব্রাদার্স। সমতায় ফিরে বিরতিতে যাওয়ার আগে এগিয়েও যায় কমলা জার্সিধারীরা। বাঁ প্রান্ত দিয়ে উঠে মেজবাহ ক্রস করলে মোহামেডানের ডিফেন্ডার মানিকের পায়ে জড়িয়ে বল জালে চলে যায় (১-২)। রেফারি অবশ্য মেজবাহর নামেই গোল দিয়েছেন।
৫৮তম মিনিটে সমতায় ফেরে আগের দুই ম্যাচ জিতে আসা মোহামেডান। স্যামসন ইলিয়াসুর রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলের খাতা খুলে সমতা ফেরান এনকোচা কিংসলে। পাঁচ মিনিট পরেই ডি বক্সের মধ্যে জাহিদ হাসান এমিলিকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার আখতারুজ্জামান লিটন, সঙ্গে পেনাল্টি পায় মোহামেডান। স্পটকিক থেকে জোড়া গোল করেন কিংসলে (৩-২)।
৭৯ মিনিটে ব্রাদার্সও আবার সমতায় পেরে পেনাল্টি থেকে গোল করে। ডি বক্সের মধ্যে জুনাপিওকে আসাদুজ্জামান বাবলু ফাউল করলে পেনাল্টি পায় ব্রাদার্স। সেখান থেকে ব্রাদার্সকে ৩-৩ সমতায় ফেরান জুনাপিও। যোগ করা সময়ে গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন মিঠুন চৌধুরী (৪-৩)। মুক্তিযোদ্ধার বিপক্ষে আগের ম্যাচেও বদলি নেমে শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়েছিলেন মিঠুন।
১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে পঞ্চম স্থানে। ৬ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ব্রাদার্স ১১তম।