১০ গোল হয়ে গেল রোনালদোর

লিওনেল মেসি ইদানীং গোল করার চেয়ে করাচ্ছেন বেশি। তা করুন। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর মোটেও আপত্তি নেই। রোনালদো নিজের মতো করে গোল করেই চলেছেন। লা লিগার আগের দুই ম্যাচে সাত গোল করা রোনালদো আজও গোল পেলেন। ভিয়ারিয়ালের বিপক্ষে তাঁর আর লুকা মডরিচের গোলে জয়ের ধারা ধরে রাখল রিয়াল মাদ্রিদও। ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল এরই মধ্যে হয়ে গেল ১০টি।
ছয়টি গোল করানো মেসির লিগে গোল মাত্র তিনটি। এই তথ্য মেসিকে ফুঁসিয়ে রাখলে আজ গ্রানাডার খবর আছে। বাংলাদেশ সময় রাত ১০টায় নিজেদের মাঠে বার্সেলোনা মুখোমুখি হবে গ্রানাডার। গত ম্যাচে নিষ্প্রভ মেসি আজ জ্বলে উঠতে পারেন কি না, সেটাই দেখার।
ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েইন রুনি ও রবিন ফন পার্সির গোলে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠ ম্যাচে নিজেদের মাত্র দ্বিতীয় জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। ৬০ মিনিটে রুনি লাল কার্ড দেখার পর আবারও তিন পয়েন্ট ফসকে যায় কি না, এই সংশয়েই ছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত স্নায়ুক্ষরা জয়ই পেয়েছে তারা।
চেলসির হয়ে গোল করেই চলেছেন ডিয়েগো কস্তা। সঙ্গে অস্কার আর উইলিয়ানের গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। গোলের ধারা ধরে রেখেছেন চেলসির সাবেক তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। ম্যানচেস্টার সিটির হয়ে অবশ্যই। ল্যাম্পার্ড, আগুয়েরো আর এডিন জেকোর জোড়া গোলে হাল সিটিকে ৪-২ গোলে হারিয়েছে সিটি। সূত্র: ইএসপিএনএফসি।