১০ গোলেও বিতর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেল ও বেনজামা: রিয়ালের দুই হ্যাটট্রিক হিরো
বেল ও বেনজামা: রিয়ালের দুই হ্যাটট্রিক হিরো

ঘটনা ১: ম্যাচ তখনো শুরু হয়নি। বার্নাব্যুর লাউডস্পিকারে ঘোষণা করা হলো রাফায়েল বেনিতেজের নাম। সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে ভেসে এল দুয়ো। বোঝাই যাচ্ছিল, কোচকে আপন করে নিতে পারেননি রিয়াল মাদ্রিদ সমর্থকেরা।
ঘটনা ২: ভায়েকানোর সঙ্গে ১২ মিনিটেই ২-১ গোলে পিছিয়ে রিয়াল। আবারও শোনা গেল দুয়ো। অথচ ম্যাচটা রিয়াল খেলছিল নিজেদের মাঠে! শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদো আঙুল উঁচিয়ে দর্শকদের মুখ বন্ধ রাখার অনুরোধ করলেন। তাতেও খুব একটা কাজ হয়নি। এমনকি মাদ্রিদ সমতাসূচক গোল করার পরও মাঝেমধ্যে দুয়ো শোনা গেছে।
শেষ পর্যন্ত ভায়েকানোর বিপক্ষে রিয়াল বেশ বড় ব্যবধানেই জিতেছে। ১০-২ গোলের জয় তো আর প্রতিদিন হয় না! লা লিগায় নিজেদের ইতিহাসে মাত্র তিনবার গোলের দুই অঙ্ক ছুঁতে পেরেছে রিয়াল। আরেকবার সেটি করেছে কাপে। অথচ এমন একটা জয়ের পরও বেনিতেজকে কথা বলতে হলো দুয়ো নিয়েই। বেনিতেজ অবশ্য শান্ত থেকেই জবাব দিয়েছেন, ‘সমর্থকেরা কয়েকটা মুহূর্তে একটু অসন্তুষ্ট হয়ে পড়েছিল। হ্যাঁ, আমরা তখন এমন কিছু ভুল করেছিলাম, যেটা কেউই দেখতে চায়নি। কিন্তু আমরা সমস্যাটা সমাধান করেছি, পরিস্থিতির সঙ্গেও খাপ খাইয়ে নিয়েছি।’
তবে পরে সার্জিও রামোস একটু খোঁচাই দিয়েছেন সমর্থকদের, ‘দলের সমর্থনটা যখন বেশি দরকার ছিল তখনই দুয়ো শুনতে হয়েছে। সমর্থকেরা সব সময়ই দলের কাছ থেকে জয় চায়, ভালো খেলা চায়। কিন্তু আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’
শুধু দুয়োই নয়, ম্যাচটা উত্তাপ ছড়িয়েছে লাল কার্ড বিতর্কের কারণেও। ২৯ মিনিটের ভেতরেই নয়জনের দল হয়ে পড়েছিল ভায়েকানো, লা লিগায় এক ঘণ্টার বেশি সময় কখনো নয়জনের দলের সঙ্গে খেলেনি রিয়াল। বিতর্কিত দুই লাল কার্ড নিয়ে ভায়েকানো কোচ পাকো জেমেজের প্রতিক্রিয়া হলো বেশ ঝাঁজালো, ‘এ রকম লজ্জাজনক ও অদ্ভুত ব্যাপার আমি অনেক দিন দেখিনি। আমাদের, মাদ্রিদের বা স্প্যানিশ ফুটবল কারও জন্যই এটা ভালো কিছু হয়নি। এই ম্যাচে আসলে কেউই জেতেনি। আমাদের হয়তো ভরাডুবি হয়েছে, কিন্তু খেলোয়াড়েরা নিজেদের উজাড় করে দিয়েই খেলেছে।’
রেফারির দিকেও স্বাভাবিকভাবেই তোপ দেগেছেন, ‘আমি তাঁকে (রেফারিকে) নিয়ে কিছু বলতে চাই না। এই ম্যাচে একটা জিনিসও ঠিকঠাক করতে পারেননি।’ তাঁর প্রতিপক্ষ বেনিতেজ অবশ্য লাল কার্ড বিতর্কটা এড়িয়েই গেছেন, ‘আমি রেফারির সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে চাই না। কিন্তু ওদের দুজন চলে যাওয়ার পর যেটা করা দরকার ছিল আমরা সেটাই করেছি।’ এএফপি।
রিয়ালের ১০ গোল
১১-১, বার্সেলোনা, ১৯৪৩
১০-১, লাস পালমাস, ১৯৫৯
১১-২, এলচে, ১৯৬০
১০-২, রায়ো ভায়েকানো, ২০১৫