১০ গোলের অবিশ্বাস্য ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধার স্বপ্ন ভেঙে আবারও ফেডারেশন কাপ ফুটবলের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রফি হাতে উচ্ছ্বাসে ভাসলেন ক্লাবটির খেলোয়াড়–কর্মকর্তারা l প্রথম আলো
মুক্তিযোদ্ধার স্বপ্ন ভেঙে আবারও ফেডারেশন কাপ ফুটবলের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রফি হাতে উচ্ছ্বাসে ভাসলেন ক্লাবটির খেলোয়াড়–কর্মকর্তারা l প্রথম আলো

ফাইনাল সব সময় আকর্ষণীয় হয় না। স্নায়ুচাপে ভোগে দলগুলো। তবে সব ছাপিয়ে কাল বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখল অবিশ্বাস্য এক ফাইনাল। ফেডারেশন কাপের এই ফাইনালে দুই দলই মেতে উঠল গোল উৎসবে। ১২০ মিনিটের লড়াই শেষে স্কোরলাইনটাও দেখাচ্ছে অন্য রকম। ওয়েডসনের হ্যাটট্রিকে শেখ জামাল ধানমন্ডি ৬: মুক্তিযোদ্ধা ৪! 

বারবার রং বদলেছে ম্যাচ। শেখ জামাল শুরুতে দুবার এগিয়ে গেল, মুক্তিযোদ্ধা ২-২ করেই ক্ষান্ত হয়নি। দুই মিনিটের মধ্যে ৪-২ গোলে এগিয়েও যায় তারা। তখন মনে হচ্ছিল গত ফেডারেশন কাপের ফাইনালে এই শেখ জামালের কাছে হারের বদলা বুঝি এদিন নিয়েই ছাড়বে মুক্তিযোদ্ধা।
কিন্তু বিরতির পর শেখ জামাল ঠিকই ৪-৪ করে ফেলে। নির্ধারিত ৯০ মিনিটে আর গোল নেই, অতিরিক্ত সময়ের প্রথমার্ধও তাই। দ্বিতীয়ার্ধে ২ গোল করে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের শিরোপা নিজেদের ঘরেই রেখেছে শেখ জামাল।
দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় রক্ষণে বড় বড় ফাঁক বেরিয়েছে। ম্যাচে ১০ গোল হওয়ার এটাই সবচেয়ে বড় কারণ। শক্তিশালী শেখ জামালের রক্ষণকে একসময় কিনা বালুর বাঁধের মতো মনে হলো। একটু বেশিই আত্মবিশ্বাসী হওয়ায় এই রক্ষণ খেয়ে বসেছে চার-চারটি গোল! ৯ মার্চ শুরু প্রিমিয়ার লিগে এটা বড় সংকেতই শেখ জামালের জন্য।
তবে আপাতত মৌসুমের প্রথম ফাইনালে দুই বিদেশি এমেকা ডার্লিংটন ও ওয়েডসনে রক্ষা। সর্বোচ্চ গোলদাতা (৮ গোল), টুর্নামেন্ট-সেরা ও ফাইনাল-সেরার তিনটি পুরস্কারই উঠেছে ওয়েডসনের হাতে। যদিও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি টুর্নামেন্ট-সেরার পুরস্কার দিয়েছে চ্যাম্পিয়ন দলের জামাল ভূঁইয়াকে।
৬ মিনিটে গোলের খাতা খোলেন ডার্লিংটন। ৪-৪ অবস্থায় ১০৭ মিনিটে পঞ্চম গোলও তাঁরই। দুরন্ত ওয়েডসনের গোল তিনটি ১৩, ৬২ ও ৭০ মিনিটে। ১১৮ মিনিটে শেষ গোল রুবেল মিয়ার।
২-২ সমতার পর ৩৯ ও ৪১ মিনিটে টগবগে অধিনায়ক এনামুলের ২ গোল জয়ের স্বপ্ন দেখাচ্ছিল মুক্তিযোদ্ধাকে। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা হারল নিজেদের অনভিজ্ঞতা, স্নায়ু হারানো, আর রক্ষণে খেই হারানোর মাশুল গুনে। সেই সুযোগই নিলেন ওয়েডসন-ডার্লিংটনরা।