১০ জন নিয়ে মোহামেডানের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদায় থিকথিকে মাঠে এমন ফুটবলই তো হবে! বল দখলের লড়াইয়ে ভূপাতিত মোহামেডানের তকলিচ ও রহমতগঞ্জের সজীব। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
কাদায় থিকথিকে মাঠে এমন ফুটবলই তো হবে! বল দখলের লড়াইয়ে ভূপাতিত মোহামেডানের তকলিচ ও রহমতগঞ্জের সজীব। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

রহমতগঞ্জের সামনে শিরোপাপ্রত্যাশী দলগুলোই কাঁপতে থাকে, মোহামেডানের তো কাঁপার কথা আরও। তারা তো শিরোপা লড়াইয়েই নেই। মোহামেডান কাল সেই পরিস্থিতিতেই পড়েছিল। তবে রহমতগঞ্জ বেশ কিছু গোল নষ্ট করায় সাদা-কালোরা একটা পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পেরেছে। ওই একটি পয়েন্টই মোহামেডানের কাছে যেন জয়ের সমান। ৪৯ মিনিট ১০ জন নিয়ে খেলে রহমতগঞ্জকে আটকে দেওয়া কি সোজা কথা?

মোহামেডানকে দুবার বাঁচিয়েছেন মিন্টু শেখ ও মানিক। মিন্টুর সেভের সময় তো গোলরক্ষক মামুন খান পোস্টেই ছিলেন না। কাদামাঠের কারণে বলের গতি ছিল ধীর। তাই সময়মতো রহমতগঞ্জ ফরোয়ার্ডরা বলের কাছে পৌঁছাতে পারেননি। ছোট দুটি পাসে পা ছোঁয়ালেই গোল—এমন পরিস্থিতিতেও রহমতগঞ্জ গোল পায়নি। একবার গোলরক্ষককে কাটিয়েও গোল করতে পারেননি শুভ। ততক্ষণে ডিফেন্ডাররা দাঁড়িয়ে যান গোললাইনে।

মোহামেডানকে বিপদের মুখে ঠেলে দিয়ে যান মিডফিল্ডার অনীক। অহেতুল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৪১ মিনিটে। বল ছাড়াই লাথি মারেন রহমতগঞ্জের শুভকে। লাল কার্ড ছিল অবধারিত। এই লাল কার্ডের আগ পর্যন্ত অনীক ভালোই খেলছিলেন। মোহামেডানও ম্যাচটা যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। কিন্তু ওই একটা লাল কার্ডের পর মোহামেডান শক্তি হারিয়ে ফেলে অনেক।

তবে মোহামেডানও গোটা দুয়েক সুযোগ তৈরি করেছে। কিন্তু রহমতগঞ্জের নবীন গোলরক্ষক ওমর ফারুক দারুণ দুটি সেভ করেন। একবার তো গোললাইন থেকে বাঁচিয়েছেন। এই তরুণ গোলরক্ষক একেবারে তৃতীয় বিভাগ থেকে উঠে এসেছেন। তাঁকে সুযোগ দিয়ে একটা জুয়াই খেলেছেন দলটির কোচ কামাল বাবু। গত দু-তিনটি ম্যাচে কোচের আস্থার প্রতিদান দিচ্ছেন ওমর ফারুক।

মোহামেডান যাঁদের নিয়ে এবার বড় বাজেটের দল গড়েছে, সেই খেলোয়াড়দের বেশির ভাগই বেঞ্চে কাটাচ্ছেন। মিঠুন, এমিলি, শাকিল, লিংকন, রেজাউলরা কোচ নইমুদ্দিনের একাদশে থাকেন না। তাঁদের বেশির ভাগই পাকাপাকিভাবে মাঠে এসে শুধু দলের খেলা দেখেন। মোহামেডান তাই বড় বাজেটের দল গড়ে কী ফল পেল, সেই প্রশ্ন এখনই উঠতে শুরু করেছে। আট ম্যাচে মোহামেডান ৮ পয়েন্ট নিয়ে ছয়ে আছে, ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ পাঁচে।

গতকাল দিনের দ্বিতীয় ম্যাচটি হয়নি দুপুরে তুমুল বৃষ্টি নামায়। এটা এখন প্রায় প্রতিদিনেরই ছবি। বৃষ্টিতে মাঠের যা অবস্থা, তাতে দ্বিতীয় ম্যাচটি বাতিল হওয়া ছিল অনিবার্য। ওটা আজ হবে। সারা বছর অযথা সময় নষ্ট করেছে বাফুফে ও ক্লাবগুলো। এখন ভরাবৃষ্টিতে কাদায় থিকথিকে মাঠে খেলা হচ্ছে। এসব ম্যাচের কোনো সৌন্দর্য নেই। এসব দেখে বাফুফে ও ক্লাবের কবে যে শুভবুদ্ধির উদয় হবে কে জানে।