ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুমের মুখে হাসি। দুর্বল উত্তর বারিধারার সঙ্গে অনুমিত জয়ই পেয়েছেন। কিন্তু সেটি এসেছে দল ১০ জনের হয়ে পড়ার পর। কোচের আনন্দটা তাই একটু বেশিই। সিলেট স্টেডিয়ামে কাল উত্তর বারিধারাকে আলমগীর কবিরের একমাত্র গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। এই জয়ে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে উত্তর বারিধারা ১১তম।
ম্যাচের ৫৭ মিনিটে থ্রোয়ের সময় মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মোবারক হোসেন সামনে দাঁড়ানো উত্তর বারিধারার মিডফিল্ডার সেন্টু চন্দ্র সেনের মুখে বল দিয়ে আঘাত করেন। আঘাত পেয়েই মাঠে পড়ে যান সেন্টু। রেফারি ভরত চন্দ্র গৌড় লাল কার্ড দেখান মোবারককে।
১০ জনের মুক্তিযোদ্ধাকে আরও কোণঠাসা করার বদলে উত্তর বারিধারা ব্যস্ত হয়ে পড়ে নিজেদের গোলমুখ সামলাতে। কিন্তু পারেনি। ম্যাচের ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে আলমগীর কবিরের জোরালো শটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বাকি সময় চেষ্টা করেও কোনো দল গোল পায়নি। জিতে ম্যাচ শেষ করায় ফুটবলারদের প্রশংসা ঝরল সেন্টুর মুখে, ‘হেরে যাওয়ার ভয় ছিল আমাদের। তবে একজন লাল কার্ড দেখার পরও যে ম্যাচটা বের করতে পেরেছি এতেই আল্লাহর কাছে শুকরিয়া।’
মোহামেডান - আরামবাগ গোলশূন্য: লিগে আগের সাত ম্যাচে একটিও জয় পাননি। সিলেটে এসে ভাগ্য ফেরাতে চেয়েছিলেন মোহামেডান কোচ জোসিমউদ্দিন জোসি। কিন্তু দুর্ভাগ্যই তাঁদের, ইসমাইল বাঙ্গুরা ও ইউসুফ সিফাতের দুটি শট লাগে ক্রসবারে ও সাইডপোস্টে। স্ট্রাইকার রাশেদুল ইসলামও আরামবাগের গোলরক্ষক মিতুল হাসানকে একা পেয়ে গোল করতে পারেননি। দুর্বল শটটি ঠেকিয়ে দেন মিতুল। গোলের বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন আরামবাগের জাফর ইকবাল ও কেস্টার আকন। শেষ পর্যন্ত আরামবাগের সঙ্গে গোলশূন্য ড্র করেই ম্যাচ শেষ করেছে মোহামেডান।
এই ড্রয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটে আরামবাগ। আর ৬ পয়েন্ট পাওয়া মোহামেডান দশেই রইল। ড্র করেই সন্তুষ্ট আরামবাগের কোচ সাইফুল বারী টিটু, ‘নিজেকে ভাগ্যবানই ভাবছি যে শেষ পর্যন্ত ১ পয়েন্ট পেয়েছি।’ জিততে না পেরে মোহামেডানের কোচ জোসি দুষলেন ভাগ্যকেই, ‘ছেলেরা যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না।’