১০ দলের চেয়ে দুজনের গোল বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়া গোল করে আজও দলের নায়ক সলোমন কিং। ছবি: প্রথম আলো
জোড়া গোল করে আজও দলের নায়ক সলোমন কিং। ছবি: প্রথম আলো

রাফায়েল ওনব্রেবে ও সলোমন কিংকে থামাবে—এমন সাধ্য বুঝি কোনো দলেরই নেই। যেভাবে ম্যাচের পর ম্যাচ গোল করে বীরের বেশে বের হয়ে যাচ্ছেন শেখ জামাল ধানমন্ডির এই দুই স্ট্রাইকার, দৃশ্যটা পরিচিত হয়ে যাচ্ছে। তাঁদের কল্যাণেই আজ ৩-২ গোলে ব্রাদার্সকে হারিয়েছে শেখ জামাল। হলুদ জার্সিতে জোড়া গোল করেছেন সলোমন কিং কানফর্ম ও অন্য গোলটি করেছেন ওনব্রেবে।

প্রিমিয়ার লিগে এ দুজনের মোট গোল হলো ২৬টি। ১৪ গোল করে শীর্ষে আছেন নাইজেরিয়ান ওনব্রেবে। আর ১২ গোল করে দ্বিতীয় স্থানে গাম্বিয়ান কানফর্ম। মজার বিষয় হলো তাঁদের ২৬ গোলের সমান গোলই করতে পারেনি প্রিমিয়ার লিগের ১০টি ক্লাব। ভাবা যায়? শুধু ঢাকা আবাহনীরই আছে ২৬টির বেশি গোল।

আজ ম্যাচের পঞ্চম মিনিটেই সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ডান প্রান্ত থেকে জাভেদ খানের ক্রসে মাথা ছুঁয়ে গোলের খাতা খুলেছেন সলোমন। বিরতিতে যাওয়ার আগেই সলোমনের জোড়া গোল পূরণ। নুরুল আবসারের ক্রস বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিংয়ে গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ২-১ করেন সিও জুনাপিও । থুয়াম ফ্রাঙ্ককে বক্সের মধ্যে আনিসুর আলম ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে উভয় দলই একটি করে গোল দিয়েছে। ৭৮ মিনিটে সলোমনকে বল বাড়িয়ে ডি বক্সে ঢুকে ফিরতি পাস থেকে লক্ষ্যভেদ করেন রাফায়েল (৩-১ )। তিন মিনিট পর স্কোরলাইন ৩-২ করেন বিশাল দাস ।

১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে শীর্ষে। আর ১৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে অষ্টম স্থানে।