১০ বছর আগের সেই রোনালদোই আছেন!

বয়স হয়েছে ৩১। ক্রিস্টিয়ানো রোনালদোর বেলা শেষের গান শোনার খুব বেশি বাকি নেই। কিন্তু পর্তুগিজ তারকা নিজে মনে করেন, ১০ বছর আগের সেই প্রাণশক্তি এখনো তাঁর মধ্যে অটুট আছে, একটুও কমেনি। কিন্তু সেটা এতদিন একইভাবে ধরে রাখার রহস্য কী? রোনালদো খোলাসা করলেন সেই রহস্য—সমর্থকদের ভালোবাসাই তাঁর প্রেরণা।
গত এক সপ্তাহ মোটামুটি ঝড় বয়ে গেছে রোনালদোর ওপর। মাদ্রিদ ডার্বিতে হারের পর বলে বলে বসেছিলেন, সতীর্থেরা তাঁর মতো খেললে দল আরও ভালো খেলত। সেটা নিয়ে পরে তুমুল হইচই। রোনালদো অবশ্য দাবি করেছেন, খেলার মানের কথা নয়, বরং ফিটনেসের কথাই বলেছেন। কিন্তু তাতে কি আর সমালোচনা থামে? শেষ পর্যন্ত সতীর্থদের কাছে ক্ষমাই চাইতে হয়েছে।
তবে নিজের ব্যাপারে রোনালদো পুরোনো কথাটাই আবার মনে করিয়ে দিলেন, ‘আমার মনে হয় গত ১০ বছর ধরে আমি নিজের খেলাটা ধরে রাখতে পেরেছি। আমি রিয়াল মাদ্রিদের হয়ে এই কাজটাই করে যেতে চাই।’
অবশ্য অনেক ফুটবলারই যখন দলের জন্য খেলাটাকেই ধ্যানজ্ঞান মানেন, রোনালদো ব্যক্তিগত অর্জনের কথাও আলাদা করে মনে করিয়ে দিয়েছেন, ‘আমি দলের জন্য ট্রফি জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও জিততে চাই। ভক্তদের খুশি করতে চাই। এটাই আমার প্রেরণা।’ তবে প্রতিভা নয়, পরিশ্রমকেই বড় করে দেখছেন, ‘পরিশ্রম ছাড়া প্রতিভা কিছুই নয়। নিজের মানটা ধরে রাখতে চাই।’
৮ মার্চ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রোমার মুখোমুখি রিয়াল। প্রথম লেগে দুই গোলের জয়ে রিয়াল অবশ্য কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে। রোনালদো তারপরও সতর্ক, ‘রোমার সঙ্গে আমরা আগের ম্যাচটা ভালোই খেলেছি, এবার আমাদের মাঠে খেলতে হবে। আমরা এগিয়েই আছি, কিন্তু কোনোভাবেই গা এলিয়ে দিলে চলবে না। পরের রাউন্ডে আমাদের ভালো খেলেই যেতে হবে।’ সূত্র: ইএসপিএন।