১০ বছর পর এসেই আলাভেসের এমন চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনাকে হারানোর আনন্দ আলাভেস খেলোয়াড়দের চোখেমুখে। ছবি-টুইটার
বার্সেলোনাকে হারানোর আনন্দ আলাভেস খেলোয়াড়দের চোখেমুখে। ছবি-টুইটার

প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ওদেরই মাঠে ১-১ ড্র। তখন মনে হয়েছিল, এমন তো হতেই পারে। নতুন দল হঠাৎ হঠাৎ পরাশক্তিদের চমকে দেয় না! কিন্তু দেপোর্তিভো আলাভেসের চমক যে তখনো শুরুই হয়নি, তা কে জানত! 

পরের ম্যাচে স্পোর্টিং গিজনের সঙ্গেও গোলশূন্য ড্র । তত দিনে এবার লা লিগায় উঠে আসা নতুন দলটা নিয়ে একটু কথাবার্তা শুরু হয়ে গেছে। আর কাল রাতে ন্যু ক্যাম্পে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকেও ২-১ গোলে হারিয়ে দেওয়ার পর আলাভেস এখন রীতিমতো লা লিগায় এ মৌসুমের বিস্ময়! ১০ বছর পর যে দলটা স্পেনের শীর্ষ লিগে খেলছে, মাত্র তিন মৌসুম আগেও যারা ছিল তৃতীয় বিভাগের দল, তাদের জন্য প্রথম তিন ম্যাচে অপরাজিত থেকে লিগ শুরু করাটা দারুণ ব্যাপারই তো! বিশেষ করে সেই তিন ম্যাচের একটি যদি হয় ক্লাব ফুটবলে বিশ্বের অন্যতম সেরা শক্তি বার্সেলোনা।
স্পেনের উওরাঞ্চলের প্রদেশ আলাভার ভিতোরিয়া-গাস্তিয়েজ শহরের একটা ছোট ক্লাব দেপোর্তিভো আলাভেস। প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯৫ বছর আগে, ১৯২১ সালে। প্রতিষ্ঠার ৬ বছর পরই তারা স্পেনের দ্বিতীয় বিভাগে উঠে আসে, ৮ বছর পর লা লিগায়! নতুন ক্লাব, অবকাঠামো পুরো দাঁড়ায়নি। শীর্ষ লিগে ওদের অবস্থানও তাই খুব একটা দীর্ঘ হয়নি। তিন বছর পরেই নেমে যেতে হয় আবার দ্বিতীয় বিভাগে। এই যে ওঠা-নামার পালা, সেটাই চলে এসেছে এত দিন ধরে। বড় ক্লাব আর হয়ে উঠতে পারেনি আলাভেস। এই ৯৫ বছরে লা লিগায় এ নিয়ে এটা তাদের ১২তম মৌসুম। সর্বোচ্চ সাফল্য ১৯৯৯-২০০০ মৌসুমে ৬ষ্ঠ হওয়া। এই মৌসুমে কি সেটা ছাড়িয়ে যেতে পারবে মাওরিসিও পেলেগ্রিনোর দল? এর পরের মৌসুমেই ইউরোপা লিগে লিভারপুলের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল দলটি। আলাভেসের ইতিহাসে ওটাই এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য।
বার্সেলোনাকে হারানোর অভিজ্ঞতাটা অবশ্য একেবারে নতুন নয় তাদের জন্য। এই ন্যু ক্যাম্পেই ২০০০ সালের ফেব্রুয়ারিতে বার্সাকে ১-০ গোলে হারিয়েছিল তারা। তবে সব মিলিয়ে ন্যু ক্যাম্পে দুই দলের ১২ বার দেখা হয়েছে, এর মধ্যে ৯ বারই জিতেছে বার্সা। আলাভেসের দুটি জয়ের পাশাপাশি ড্র হয়েছে অন্য ম্যাচটি।