
বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার পর জায়গা হারিয়েছিলেন। কোপা আমেরিকায় দল আবারও ব্যর্থ। কে জানে সেটাই হাল্কের জন্য ব্রাজিলের দরজাটা আবার খুলে দিয়েছিল কি না! প্রায় ১৪ মাস পর সেলেসাও জার্সিটা গায়ে উঠল জেনিত সেন্ট পিটার্সবার্গ ফরোয়ার্ডের। জাতীয় দলে প্রত্যাবর্তনটাও উদ্যাপন করলেন গোল দিয়েই। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরশু রাতে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচটা ব্রাজিল জিতল হাল্কের ওই এক গোলেই।
ব্রাজিল দলে ফিরেছেন আরও একজন। ৬৭ মিনিটে হাল্কের বদলি হিসেবে নেমেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার কাকা। গত বছর অক্টোবরে আর্জেন্টিনা ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও বদলি হিসেবে খেলেছিলেন। প্রায় ১১ মাস পর আবারও তাঁকে মাঠে নামালেন কোচ কার্লোস দুঙ্গা। ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলারের প্রত্যাশাটা অবশ্য আরও বেশি, ‘আমার মনে হয়, আমি স্বল্প ও মাঝারি মেয়াদে দলে অবদান রাখতে পারব। আমি দুটি বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছি। দুঙ্গা যদি চান তাহলে আমি আরও অনেক কিছু দিতে পারব।’
কোচের কাছে নিজের প্রত্যাশাটা জানানো ছাড়া খুব বেশি কিছু করারও নেই কাকার। তবে বেশি সময় খেলতে পারেননি বলে একটু ক্ষোভই প্রকাশ করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। পরশু নিউ জার্সিতে খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে তাঁকে মাঠে নামিয়েছেন দুঙ্গা। যেটি নিয়ে পরে ইএসপিএনকে নেইমার বলেছেন, ‘বেঞ্চে বসে থাকতে আমি অভ্যস্ত নই এবং অভ্যস্ত হতেও চাই না। আমি সব সময় খেলতে চাই এবং একাদশে থাকার জন্যই পরিশ্রম করি।’ নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের হয়ে সামনের দুটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে প্রীতি ম্যাচে খেলতে বাধা নেই। ২৩ বছর বয়সী ব্রাজিল ফরোয়ার্ডের গলাব্যথাটা অবশ্য সেরেছে মাত্রই কয়েক দিন আগে। বার্সেলোনার হয়ে এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটা ম্যাচে খেলেছেন। হয়তো এ কারণেই তাঁকে একটু বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিল কোচ।
হাল্ক-কাকার প্রত্যাবর্তনের দিনে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছে গ্রেমিও গোলরক্ষক মার্সেলো গ্রোহে ও সান্তোস মিডফিল্ডার লুকাস লিমার। শুধু নেইমার নন, ব্রাজিল কোচ বেঞ্চে বসিয়ে রাখেন ফিলিপে কুটিনহো ও রাফিনহাকেও। ফল দেখে যদিও বোঝার উপায় নেই, তবে ম্যাচে এরপরও একতরফা আধিপত্য ছিল ব্রাজিলেরই। কোস্টারিকার গোলে ৮টি শট নেওয়ার পরও দুঙ্গার দল যে দ্বিতীয় গোলটি পায়নি, সেটার কারণ প্যাট্রিক পেমবার্টন। কেইলর নাভাসের জায়গায় সুযোগ পেয়ে দুর্দান্ত খেলেছেন কোস্টারিকার দ্বিতীয় গোলরক্ষক।
আগামীকাল ফক্সবরোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। রয়টার্স।