১০ লাখ টাকার মাঠ হয়ে যাচ্ছে হেলিপ্যাড!
>ময়মনসিংহ স্টেডিয়ামের মাঠে দুটি হেলিপ্যাড নির্মাণ করার খবরে হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক।

ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। এর মধ্যে ভালো মাঠের জন্য বেশ সুনাম কুড়িয়েছে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। কিন্তু লিগের মাঝপথে হুট করে মাঠে দুটি হেলিপ্যাড নির্মাণ করার খবর চাউর হওয়ায় মাঠের ভবিষ্যৎ নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছেন ফুটবল–সংশ্লিষ্ট ব্যক্তিরা। যাঁর পরামর্শ অনুযায়ী নতুন করে সাজানো হয়েছে স্টেডিয়ামটি, সেই আরামবাগের কোচ মারুফুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ক্ষোভ।
প্রিমিয়ার ফুটবলকে কেন্দ্র করে স্থানীয় জেলা ফুটবল সংস্থার সহায়তায় সম্মিলিতভাবে মাঠটি তৈরি করেছে দুই ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং। নয় হাজার বর্গফুট মাটি ফেলে রোপণ করা হয়েছিল ঘাস। আইস বাথের ব্যবস্থার সঙ্গে আধুনিক স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে ড্রেসিংরুম। সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে বানানো হয়েছে ডাগ আউট। ১৬ হাজার ধারণক্ষমতার গ্যালারির স্টেডিয়ামের সবচেয়ে বড় চমক ড্রেসিংরুম, যা সেজেছে ইংলিশ লিগের লকার রুমের আদলে। আরামবাগের উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হকের নকশা ও পরামর্শে প্রস্তুত হয়েছে দুটি ড্রেসিংরুম। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সংস্কারকৃত এই মাঠ সবার আগে পেয়েছে ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোর প্রশংসা।
প্রিমিয়ার লিগের সঙ্গে জেলা প্রথম বিভাগ লিগ সমান তালে চলছিল মাঠে। কিন্তু ১৪ মে ময়মনসিংহে ভুটানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করার জন্য বিবেচনা করা হয় এই স্টেডিয়ামকে। আর হেলিপ্যাড তৈরি করা মানেই মাঠ ওলট-পালট হয়ে যাওয়া। ময়মনসিংহ জেলা ফুটবল সংস্থার সভাপতি দেলোয়ার হোসেনের কাছ থেকে জানা গেল অস্থায়ী হেলিপ্যাড নির্মাণে মাঠের ক্ষয়ক্ষতি সম্পর্কে। অতীত অভিজ্ঞতার কারণেই তিনি শঙ্কিত, ‘গত বছরের শেষের দিকে হেলিপ্যাড নির্মাণ করার সময় কমপক্ষে দশ গজের একটা সার্কেলে কয়েক ইঞ্চি মাটি তুলে ইট বিছানো হয়েছিল। মাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছিল রাস্তা। এরপর মাঠকে খেলার উপযোগী করতে সময় লেগেছিল প্রায় আড়াই মাস।’

ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা আছে বলেই হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ক্ষোভ ঝেড়েছেন আরামবাগের কোচ মারুফুল হক। গতকাল রাতে ফেসবুকে মারুফুল হতাশাজাত বিদ্রূপ থেকে লেখেন, ‘চলমান দুটি ফুটবল লিগের মাঝপথে স্টেডিয়ামের মাঠের মাঝখানে হেলিপ্যাড বানানো সভ্য দেশে কতটুকু যৌক্তিক, জানি না। এর মধ্যে একটি দেশের সর্বোচ্চ লিগ। তবে উন্নত দেশে এটা মনে হয় হরহামেশা হয়ে থাকে। তাই আমরা এটা বেশ উৎসাহ নিয়ে প্রতিনিয়ত করে যাচ্ছি। শুধু কি হেলিপ্যাড? যত ধরনের মেলা, কনসার্ট, ডাম্পিং পয়েন্ট...সব করতে হবে স্টেডিয়ামে। একটি স্টেডিয়াম মাঠ খেলা উপযোগী করতে কত শ্রম, সময়, অর্থ, ভালোবাসার পরশ লাগে, তার খবর কতজন রাখেন? খেলার মাঠ ক্ষতবিক্ষত করার সঙ্গে সঙ্গে কত মানুষের হৃৎপিণ্ড ক্ষতবিক্ষত করা হয়, তা অনুধাবন করার মতো হৃদয় এ দেশে দায়িত্বশীলদের নেই।’
তবে আশার কথা হলো আজ থেকে হেলিপ্যাডের কাজ শুরু করার কথা থাকলেও তা হয়নি। এখন বরং অন্য মাঠে হেলিপ্যাড তৈরি করার সম্ভাবনা আছে বলে জানালেন জেলা ফুটবল সংস্থার সভাপতি, ‘আজ হেলিপ্যাডের কাজ শুরু হওয়ার কথা থাকলেও হয়নি। একটি মাধ্যম থেকে জানতে পেরেছি, কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো মাঠে হেলিপ্যাড নির্মাণ করা হতে পারে। এখন আশা করছি, স্টেডিয়ামে হবে না। আগামীকাল নিশ্চিত হওয়া যাবে স্টেডিয়ামের মাঠে হবে কি না।’