১০ লাখ পাউন্ড চায় বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা নয়, বাফুফেতে এখন পাউন্ডের হিসাব! আগামী প্রিমিয়ার লিগ পৃষ্ঠপোষণা করতে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সকার লিগ ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে কদিন আগে। এরই ধারাবাহিকতায় ওই প্রতিষ্ঠানের কাছে লিগের জন্য চাওয়া হবে ১০ লাখ পাউন্ড (১২ কোটি ২২ লাখ টাকা)। বাফুফের নির্বাহী কমিটির কালকের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
প্রিমিয়ার লিগে এত দিন এক-দুই কোটি টাকার স্পনসরশিপই ছিল মহার্ঘ, এবার আকাঙ্ক্ষা এক লাফে অনেকটাই বেড়ে যাচ্ছে। প্রিমিয়ার লিগের জন্য এটিকে বলতে হয় নতুন আলোর রেখা। বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী সভা শেষে সেটাই বলছিলেন, ‘প্রত্যাশিত অঙ্ক পেলে তা হবে দারুণ ব্যাপার। সে ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এক বছরের চুক্তিতে যাব এবং তারা হবে বাফুফে উন্নয়ন অংশীদার।’
কাল বাফুফের সভায় অনূর্ধ্ব-১৬ সাফজয়ী বাংলাদেশ দলকে সিলেট একাডেমিতে চার বছর রাখার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রামে আগামী ১৭-৩০ অক্টোবর শেখ কামাল টুর্নামেন্ট আয়োজনের আবেদনে সম্মতি জানানো হয়েছে। আর ওই সময় শেখ কামাল টুর্নামেন্টের অর্থ, স্বাধীনতা কাপ এ বছর হচ্ছে না।
পাঁচ ঘণ্টার ম্যারাথন সভায় বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে আবু নাইম সোহাগের মেয়াদ আগামী বছরের ২৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কিছুদিন আগে বাফুফের প্রয়াত সদস্য সিরাজুল ইসলাম বাচ্চুর শূন্য পদে কাউকে না নিয়ে তাঁর সম্মানে পদটি শূন্যই রাখা হবে। সিরাজুলের মৃত্যুতে শূন্য হওয়া বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান পদটা অবশ্য নিজের কাছে রাখছেন সভাপতি কাজী সালাউদ্দিন।