১০০ দিন পর স্পেন-ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি

অস্ট্রিয়া-ওয়েলস

আইসল্যান্ড-ফিনল্যান্ড

ইতালি-স্পেন

কসোভো-ক্রোয়েশিয়া

তুরস্ক-ইউক্রেন

*স্বাগতিক দল প্রথমে

এক শ দিনে কত কিছুই না বদলে যায়!

গত এক শ দিনের হিসাবটাই দেখুন না। ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিশ্বখ্যাত ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটিটা ভেঙে গেছে এই সময়ে। অবসর নিয়ে আবার এর মধ্যে আন্তর্জাতিক ফুটবলে ফিরেও এসেছেন লিওনেল মেসি। রয় হজসনের পর ইংল্যান্ডের কোচ হয়ে এর মধ্যে আবার কেলেঙ্কারিতে জড়িয়ে বরখাস্তও হয়েছেন স্যাম অ্যালারডাইস। ইতালি ও স্পেনই বা বদলের স্রোতের বাইরে থাকবে কেন!

ঠিক এক শ দিন আগে ইউরোতে মুখোমুখি হয়েছিল দুই দল। টানা তৃতীয় ইউরো জয়ের স্বপ্ন নিয়ে ফ্রান্সে যাওয়া স্পেনকে সেদিন শেষ ষোলোতেই ফিরিয়ে দিয়েছে ইতালি। এরপর দুই দলই ডাগআউটে স্বাগত জানিয়েছে দুই নতুন কোচকে। ভিসেন্তে দেল বস্কের জায়গায় স্পেনের কোচ হয়েছেন হুয়ান লোপেতেগি, আর আন্তোনিও কন্তের বদলি হয়ে ইতালির ডাগআউটে এসেছেন জিয়ামপিয়েরো ভেনতুরা। দুটি দলের খোলনলচেও গেছে বদলে। তুরিনে আজ বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের ম্যাচে তো সে হিসেবে নতুনের কেতনই উড়বে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে আজ ম্যাচ আছে আরও আটটি। গ্যারেথ বেলের ওয়েলস যাচ্ছে অস্ট্রিয়ায়, রাকিতিচ-মদরিচবিহীন ক্রোয়েশিয়া অতিথি হচ্ছে কসোভোর, আর গত ইউরোতেই অবিশ্বাস্য গল্প লেখা আইসল্যান্ড ঘরের মাঠে স্বাগত জানাবে ফিনল্যান্ডকে। তবে সত্যি বলতে, স্পেন-ইতালি ম্যাচের সঙ্গে ধারে-ভারে অন্য ম্যাচগুলোর কোনো তুলনাই হয় না। এটি তো বিশ্বকাপ ফাইনালের সূচি হিসেবেও বেশ ভালো মানিয়ে যায়। তবে বাছাইপর্বের ম্যাচ হলেও আজ পাওয়ার-হারানোর হিসেবে কমতি নেই। গত মাসেই শুরু হয়েছে ইউরোপের বাছাইপর্ব, প্রতি গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে যেতে পারবে একটি দল। এই গ্রুপে মূল লড়াইটা তো স্পেন ও ইতালির মধ্যেই।

দুদলই বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। লিখটেনস্টেইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন, আর ইতালি ৩-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে। আজকের ম্যাচটিই দিতে পারে গ্রুপ চ্যাম্পিয়নের ধারণা। স্পেন মিডফিল্ডার সার্জিও বুসকেটসও সেটিই মনে করিয়ে দিলেন, ‘এই ম্যাচটা দুদলের কারও জন্যই নির্ধারণী কিছু নয়, তবে গ্রুপসেরা হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বটেই। বিশেষ করে যেহেতু আমরাই গ্রুপের সবচেয়ে শক্ত দুটি দল।’ আরেকটা শব্দও উঠে আসছে বার্সেলোনা মিডফিল্ডারের মুখে—প্রতিশোধ। ইউরোর হারের বদলা। সাধারণত খেলোয়াড়দের এই শব্দটা বলতে খুব একটা আগ্রহী দেখা যায় না, তবে বুসকেটস ওসব ‘সৌজন্যে’র দিকে গেলেনই না, ‘ইউরোতে আমরা কিছু ভুল করেছি। তবে এবার প্রতিশোধের পালা। বিশ্বকাপে ঠাঁই করে নেওয়াটা যে এখানে প্রশ্নের মুখে।’

ইতালির দিক থেকে অবশ্য পাল্টা ঝাঁজালো কোনো হুমকি তো এলই না, উল্টো ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি সতীর্থদের সতর্ক করে দিচ্ছেন, ‘ইউরোর স্পেন দলের প্রতি সম্মান রেখেই বলছি, এবার অন্য রকম এক স্পেনকে দেখতে পাব আমরা। নতুন প্রেরণা থাকবে ওদের, মানসিক অবস্থাও হবে অন্য রকম, আর ইউরোর হারের বদলা তো নিতেই চাইবে। ইসরায়েলের সঙ্গে (বাছাইয়ের প্রথম ম্যাচে) যেমন খেলেছি, তার চেয়েও মান এক ধাপ বাড়াতে হবে।’

সেটি কেমন? ধারণা দিলেন বোনুচ্চির কোচ ভেনতুরা, ‘৬০ ভাগ সময় ভালো খেললেও হবে না, ৯৯ ভাগেই ভালো খেলতে হবে।’ এএফপি।