১০০ মিলিয়নেও গলবেন না মুলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্নের জার্সিতেই খেলবেন মুলার। ছবি: রয়টার্স
বায়ার্নের জার্সিতেই খেলবেন মুলার। ছবি: রয়টার্স

একজন ভালো ফরোয়ার্ডের জন্য হন্যে হয়ে ঘুরছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। একের পর এক গুঞ্জনে ভারী হয়ে আছে দলবদলের বাজার। বিশ্বসেরা অনেক খেলোয়াড়কেই তাক করেছিলেন এই ডাচ কোচ। রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল বা জুভেন্টাসের পল পগবাকে নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ফন গালের মূল লক্ষ্যই ছিল বায়ার্ন মিউনিখের টমাস মুলার। এই জার্মানের জন্য নাকি ১০০ মিলিয়ন ইউরোও দিতে রাজি ইউনাইটেড। তবে এতেও মন গলছে না মুলারের!
ইউনাইটেডের ডাচ কোচের অধীনেই বায়ার্নে অভিষেক হয়েছিল মুলারের। ডাচ কোচের সঙ্গে তাঁর ভালো সম্পর্কের কথা স্বীকারও করেছেন এই স্ট্রাইকার।' এটা তো সবার জানা। ফন গাল ও আমার সম্পর্ক একজন কোচ ও খেলোয়াড়ের মধ্যকার সম্পর্কের চেয়েও বেশি কিছু।' কিন্তু এই সম্পর্কেও চিড়ে ভিজছে না। মুলার বায়ার্ন মিউনিখে খেলেই সন্তুষ্ট। বিশ্বকাপ বিজয়ী এই তারকা নিজের ১০০ মিলিয়ন ইউরো মূল্যমানকে হেসেই উড়িয়ে দিতে চাইলেন।
বুন্দেসলিগা আকতুয়েল টিভি শো তে জানালেন সেই কথাই।' বর্তমানে দলবদলের বাজারে যেসব অঙ্ক শোনা যায়, সেগুলো আসলেই অবিশ্বাস্য। কিন্তু এটাই এখন বাস্তবতা, ব্যবসার অংশ। কিন্তু আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই।'
ইউনাইটেডের ১০০ মিলিয়ন ইউরোর মূল্য মুলারের গায়ে সেঁটে যাওয়া নিয়ে খেলোয়াড় নিজে চিন্তিত না হলেও, ভক্তদের কপালে কিন্তু ঠিকই ভাঁজ পড়েছে। মুলারের কণ্ঠেই শুনুন, 'ড্রেসডেনে এক ভক্ত মেগাফোন নিয়ে হাজির হয়েছিল! মেগাফোনেই চিৎকার করে জিজ্ঞেস করল, 'হেই মি.১০০ মিলিয়ন ম্যান, তোমার জার্সির দাম কত? ' আমি কেবল হেসেই উত্তর দিলাম।'
তবে বায়ার্ন মিউনিখ ঝুঁকি নিতে নারাজ। ইতিমধ্যেই মুলারকে দলের তৃতীয় অধিনায়ক ঘোষণা করে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। বাড়তি দায়িত্ব দিয়ে ভক্তদের জানিয়ে দেওয়া হলো, ১০০ মিলিয়ন ইউরোতেও মুলারকে বিক্রি করতে রাজি নন তারা। বর্তমানে দলবদলের বিশ্ব রেকর্ড ১০০ মিলিয়ন ডলার। টটেনহাম থেকে গ্যারেথ বেলকে কিনতে এই বিশাল অঙ্ক খরচ করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মুলারের জন্য বিশ্ব রেকর্ড ধরতে চেয়েছিল ইউনাইটেড। কিন্তু এত বড় অর্থেও টলানো যাচ্ছে না মুলার বা বায়ার্ন মিউনিখকে। সব মিলিয়ে মনে হচ্ছে, আপাতত ইউনাইটেড কোচ ফন গালকে খালি হাতেই ফিরতে হচ্ছে। সূত্র: গোল ডট কম