১০০০ - এর অপেক্ষায় মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বন্ধুত্ব’কে রেকর্ড বইয়েও নিয়ে গেলেন মেসি-রোনালদো। ছবি: এএফপি।
‘বন্ধুত্ব’কে রেকর্ড বইয়েও নিয়ে গেলেন মেসি-রোনালদো। ছবি: এএফপি।

দুজনের সম্পর্কটা এখন যেকোনো সময়ের চেয়ে ভালো, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ—দুজনেরই এমন দাবি। সেই ‘বন্ধুত্বে’র দাবি নিয়ে লিওনেল মেসিকে হয়তো ফোন করে একটা অনুরোধও জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো—‘একটা গোল করো!’

একটা গোল! এটাও মেসিকে এত অনুরোধ করার মতো ব্যাপার হলো কবে থেকে? আর রোনালদোই বা এমন অনুরোধ করতে যাবেন কেন? প্রশ্ন অনেক। উত্তর একটা—রেকর্ড, সেটিও দুজনের সম্মিলিত। মেসি করুন আর রোনালদো, আর এক গোল হলেই বর্তমান ফুটবলের সেরা দুই বিজ্ঞাপনের ক্যারিয়ার গোলের সংখ্যা চার অঙ্কে পৌঁছে যাবে। আজ অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মেসি গোল করলেই দুজনের ক্যারিয়ার গোলের যোগফল হয়ে যাবে ১০০০!

এই মৌসুমেই ক্যারিয়ারে ৫০০তম গোল করা রোনালদোর ক্লাব ও দেশ মিলিয়ে ক্যারিয়ারে গোলের সংখ্যা এখন ৫১৮টি। আগামী মাসেই ৩১-এ পা দিতে যাওয়া এই রিয়াল ফরোয়ার্ড ক্যারিয়ারে মোট ৭৭৩ ম্যাচ খেলেছেন। আর ২৮ বছর বয়সী মেসির ক্যারিয়ার গোল ৪৮১টি। বার্সা ও আর্জেন্টিনার হয়ে তিনি ম্যাচ খেলেছেন ৬১১টি।
৫১৮+৪৮১=৯৯৯। আর এক গোলের অপেক্ষা!


গত শনিবার লিগে মালাগার বিপক্ষে ১ গোল করে রেকর্ডটাকে ৯৯৯-তে নিয়ে এসেছিলেন মেসি। পরের দিনে রিয়াল বেটিসের সঙ্গে ম্যাচেই রোনালদোর সামনে সুযোগ ছিল ‘ম্যাজিক ফিগার’ ছুঁয়ে ফেলার। কিন্তু ক্রিকেটে যেমন নার্ভাস নাইন্টিজ থাকে, সেরকম কিছুই হয়তো রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচে পেয়ে বসেছিল রোনালদোকে। এর নাম দেওয়া যেতে পারে—‘নার্ভাস নাইন নাইন্টি নাইন!’ রিয়াল বেটিসের সঙ্গে লিগের ম্যাচে গোল তো করতে পারেনইনি, রোনালদো গোলে শটই নিতে পেরেছিলেন মাত্র একটি। সুযোগ আজ তাই মেসির সামনে।

অবশ্য বার্সেলোনা ফরোয়ার্ডের ওসব রেকর্ড-টেকর্ড নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? তাঁর মূল চিন্তাই থাকবে দলের জয়। প্রথম লেগে বিলবাওয়ের মাঠে ২-১ গোলে জেতায় বার্সা সেমিতে যাওয়ার জন্য ফেবারিট ঠিকই। তবু বিলবাওয়ের সঙ্গে এই মৌসুমের পারফরম্যান্স বলছে, জয় নিয়ে একেবারে নিশ্চিত হয়ে বসে থাকতে পারছে না কাতালান ক্লাবটি। কদিন আগেই লিগে বিলবাওয়ের সঙ্গে ৬-০ গোলে জেতার প্রেরণা যেমন আছে বার্সার, তেমনি সুপার কাপে ৪-০ গোলে হারের অভিজ্ঞতাও তো আছে। তাই রেকর্ড পরে, আগে জয়ই নিশ্চিত করতে চাইবেন মেসি। সেটি তাঁর নিজের গোলেই হোক, বা অন্য কারও গোলে।
মেসি গোল পেলে মেসি-রোনালদোর ‘বন্ধুত্ব’ রেকর্ড বইয়ের পাতায়ও নাম লেখাতে পারবে, এই যা!

মেসি ও রোনালদোর ক্যারিয়ার গোলের পরিসংখ্যান:

 

মেসি (বার্সেলোনা; আর্জেন্টিনা)

রোনালদো (রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং লিসবন; পর্তুগাল)

গোল/ম্যাচ

গোল/ম্যাচ

ক্লাব (প্রীতি ম্যাচ বাদে)

৪৩২/৫০৬

৪৬৩/৬৫০

জাতীয় দল

৪৯/১০৫

৫৫/১২৩