১১ দেশের ১১ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনে আসতে না আসতেই হুলুস্থুল কাণ্ড বাধালেন টনি অ্যাডামস। ম্যাচের ফল দিয়ে নয়, ইংল্যান্ড ও আর্সেনালের সাবেক অধিনায়ক হইচই ফেললেন ১১ দেশের ১১ জনকে নিয়ে গ্রানাডার প্রথম একাদশ সাজিয়ে। এতেই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে পরশুই প্রথম গ্রানাডার কোচ হিসেবে ডাগআউটে বসা অ্যাডামসের।
১১ দেশের ১১ জন খেলছে একাদশে—লা লিগায় এটি বিরল দৃশ্য নয়। গত ১৭ ফেব্রুয়ারি রিয়াল বেটিসের বিপক্ষে এই গ্রানাডার প্রথম একাদশেই ছিল ১১ দেশের ফুটবলার। ওই ম্যাচে লুকাস আলকারেজের দলে স্পেনের খেলোয়াড় ছিল একজন। কিন্তু পরশু গ্রানাডা-সেল্টা ভিগো ম্যাচে অ্যাডামসের প্রথম একাদশে সেই ‘সবেধন নীলমণি’ হেক্টর হার্নান্দেজেরও জায়গা হয়নি। অ্যাডামস রেকর্ড গড়েছেন এ কারণেই।
একটি স্প্যানিশ দলে বিশ্বের ১১টি দেশের প্রতিনিধি আছে, অথচ স্পেনেরই কেউ নেই! কোচ হিসেবে এর চেয়ে সাহসী শুরুটা হতে পারত না অ্যাডামসের। কিন্তু ম্যাচ শেষে সেই অ্যাডামসকে ফিরতে হলো মুখ কালো করেই। দল যে হেরে গেছে ৩-০ গোলে।
গ্রানাডার মতো একাদশে ১১ দেশের খেলোয়াড় নামানোর কাজটা ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের ওয়াল্টার মাৎসারি ও লেস্টার সিটির ক্লদিও রানিয়েরি করে দেখিয়েছেন। কিন্তু এ দুজনের দলে অন্তত একজন ইংলিশ খেলোয়াড় ছিলেন। অ্যাডামসের মতো স্থানীয় খেলোয়াড়বিহীন একাদশ নামাতে পারেননি এঁদের দুজন।
এদিক দিয়ে অবশ্য অ্যাডামসের পাশে আছেন হোর্হে সাম্পাওলি। গত ১৭ সেপ্টেম্বর সেভিয়ার মূল একাদশে জায়গা পাননি কোনো স্প্যানিশ খেলোয়াড়! তবে একাদশে ১১ দেশের প্রতিনিধি ছিলেন না।
গ্রানাডার আন্তর্জাতিক একাদশ: ওচোয়া (মেক্সিকো), আগবো (নাইজেরিয়া), সিলভা (উরুগুয়ে), সনিয়ের (ফ্রান্স), ইনগাসন (আইসল্যান্ড), ভেজো (পর্তুগাল), পেরেইরা (ব্রাজিল), মুবারক (ঘানা), ক্রেহিন (স্লোভেনিয়া), পন্সে (আর্জেন্টিনা), ক্র্যাভেতস (ইউক্রেন)।