১১ দেশের ১১ জন মিলে গ্রানাডা দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালকের ম্যাচে এমন হাসির উপলক্ষ পাননি অ্যাডামস। ছবি: রয়টার্স
কালকের ম্যাচে এমন হাসির উপলক্ষ পাননি অ্যাডামস। ছবি: রয়টার্স

এমন অভিষেক কে চায়? গ্রানাডার কোচ হিসেবে কাল প্রথম ডাগ আউটে বসেছিলেন টনি অ্যাডামস। ‘বসা’ আর হয়নি, দলের খেলায় প্রায় পুরো ম্যাচেই দাঁড়িয়ে থেকে চিৎকার করতে হয়েছে তাঁকে। সেল্টা ভিগোর কাছে ৩-০ গোলের হার দিয়ে শুরু হয়েছে আর্সেনাল ও ইংল্যান্ডের সাবেক অধিনায়কের গ্রানাডা-যাত্রা। তবে ম্যাচের ফল নয়, একাদশ দিয়েই তো তোলপাড় ফেলে দিয়েছেন অ্যাডামস। কাল যে গ্রানাডার একাদশে ছিলেন ১১টি ভিন্ন দেশের খেলোয়াড়!

রেকর্ড অবশ্য এ কারণে হয়নি, এ কীর্তি লা লিগা এ মৌসুমেই দেখেছে। সেটাও গ্রানাডাই করেছিল গত ১৭ ফেব্রুয়ারি। রিয়াল বেটিসের বিপক্ষে কোচ লুকাস আলকারেজের একাদশে ছিলেন ১১ দেশের খেলোয়াড়। সেদিন গ্রানাডার সত্যিই একাদশে বৃহস্পতি এসেছিল তারা ম্যাচটা ৪-১ গোলে জিতে যাওয়ায়! কোচ আলকারেজ বদলি হিসেবে আলবেনিয়ার কনেকে নামিয়ে সংখ্যাটা ১২ করে দিয়েছিলেন সেদিন।
তবু অ্যাডামসের কালকের দলটি রেকর্ড গড়ল অন্য কারণে। আলকারেজের দলে অন্তত একজন স্প্যানিশ খেলোয়াড় ছিলেন। কাল অ্যাডামসের দলে সেই ‘সবেধন নীলমণি’ হেক্টর হার্নান্দেজেরও জায়গা হয়নি। একটি স্প্যানিশ দল বিশ্বের ১১টি দেশের প্রতিনিধিত্ব করছে, তাতেই স্পেনেরই কেউ নেই! কোচ হিসেবে এর চেয়ে সাহসী শুরুটা হতে পারত না অ্যাডামসের। কিন্তু ফলটাই সব মাটি করে দিল তাঁর!
গ্রানাডার মতো একাদশে ১১ দেশের খেলোয়াড় নামানোর কাজটা ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের ওয়াল্টার মাৎসারি ও লেস্টার সিটির ক্লদিও রানিয়েরি করে দেখিয়েছেন। কিন্তু এ দুজনের দলেই অন্তত একজন ইংলিশ খেলোয়াড় ছিলেন। অ্যাডামসের মতো স্থানীয় খেলোয়াড়বিহীন একাদশ নামাতে পারেননি তাঁদের দুজন।
এদিক দিয়ে অবশ্য অ্যাডামসের চেয়েও এগিয়ে আছেন হোর্হে সাম্পাওলি। গত ১৭ সেপ্টেম্বর সেভিয়ার মূল একাদশে জায়গা পাননি কোনো স্প্যানিশ খেলোয়াড়!
গতকাল গ্রানাডার মূল একাদশ : ওচোয়া (মেক্সিকো), আগবো (নাইজেরিয়া), সিলভা (উরুগুয়ে), সনিয়ের (ফ্রান্স), ইনগাসন (আইসল্যান্ড), ভেজো (পর্তুগাল), পেরেইরা (ব্রাজিল), মুবারক (ঘানা), ক্রেহিন (স্লোভেনিয়া), পন্সে (আর্জেন্টিনা), ক্র্যাভেতস (ইউক্রেন)।