১১ বছরের চেষ্টায় মরিনহোকে হারালেন ওয়েঙ্গার

২০০৪ সালে হোসে মরিনহো ইংল্যান্ডে পা রাখার পর থেকেই দুজনের মধ্যে লড়াই চলছে। মাঠে, মাঠের বাইরেও। বাইরে কথার লড়াইটায় কে জেতে বলা মুশকিল। তবে এত দিন মাঠে কখনোই আর্সেন ওয়েঙ্গারের কাছে হারতে হয়নি হোসে মরিনহোকে। কিন্তু এবার ইংলিশ ফুটবলের মৌসুমের উদ্বোধক ম্যাচেই সেই স্বাদ পেলেন ‘স্পেশাল ওয়ান’।
কমিউনিটি শিল্ডের ম্যাচে আজ চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ২৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলিন। সব মিলিয়ে ৫০৬ মিনিট পর চেলসির জালে গোল করল আর্সেনাল। ১৪তম ম্যাচে এসে দুর্ভাগ্যের গেরো খুললেন ওয়েঙ্গার। মরিনহোর বিপক্ষে আগের ১৩ ম্যাচের সাতটি হেরেছেন, ছয়টি ড্র। এই ১৩ ম্যাচের মরিনহোর দলের কাছে ওয়েঙ্গারের দল ২১ গোল হজম করেছে, দিতে পেরেছে মাত্র ছয়টি। এর মধ্যে আছে গত বছর মার্চে ৬-০ গোলে হেরে যাওয়া সেই ম্যাচটি। সেটি আবার ছিল ওয়েঙ্গারের সহস্রতম ম্যাচ!
তাতে অবশ্য কথার লড়াইয়ে ওয়েঙ্গারের খুব একটা অসুবিধে হয়নি। সমানে জমিয়ে গেছেন। এবার বরং পাল্টা জবাব দেওয়ার আরও একটা অস্ত্র বাড়ল ১৯৯৬ সাল থেকে আর্সেনালের দায়িত্বে থাকা এই ফরাসি কোচের। আসল পাল্টা জবাব যদি কেউ দিয়ে থাকে তো সেটি পিওতর চেক। ১১ বছর চেলসির গোলপোস্ট পাহারা দেওয়ার পর ব্রাত্য হয়ে পড়েছেন। এই মৌসুমে আর্সেনালে নাম লেখানোর পর প্রথম ম্যাচটাই পড়ে গেল চেলসির সঙ্গে। তাতে খেললেনও দারুণ এই ৩৩ বছর বয়সী।