১১০ টাকায় খেলোয়াড় কেনা, তা-ও ইংলিশ ফুটবলে!

একজন খেলোয়াড়ের দাম কত হতে পারে? ফুটবলে টাকার ঝনঝনানির এই যুগে তো কোটি টাকাও এমন কোনো ব্যাপার নয়। কিন্তু তাই বলে ১১০ টাকায় খেলোয়াড় কেনা! অবিশ্বাস্য বললেও আসলে কম বলা হবে। কিন্তু ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ব্র্যাডফোর্ড সিটি এই অসম্ভবকেই সম্ভব করেছে!
গত মৌসুম শেষের পর থেকেই হন্যে হয়ে নতুন একজন গোলরক্ষক খুঁজছিল ব্র্যাডফোর্ড। আগের গোলরক্ষক বেন উইলিয়ামস চলে গিয়েছিলেন বুরিতে। শেষ পর্যন্ত ব্ল্যাকপুলের অধিনায়ক কলিন ডয়েলকে নিয়ে আসছে তারা। সে জন্য খরচ করতে হয়েছে মাত্র ১ পাউন্ড!
আয়ারল্যান্ডের গোলরক্ষক ডয়েল ২০১৫ সালে যোগ দিয়েছিলেন ব্ল্যাকপুলে। দুই মৌসুম আগে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নেমে গিয়েছিল দলটি। গত মৌসুমেই আবার নেমে যায় চতুর্থ বিভাগে। ডয়েলের সঙ্গে তখনই চুক্তির একটা ধারা ছিল, আবার অবনমন হলে কেউ এই ৩১ বছর বয়সী গোলরক্ষককে ১ পাউন্ড দিয়ে নিয়ে আসতে পারবে। ব্র্যাডফোর্ড এখন সেই ফায়দাটাই নিচ্ছে।
ডয়েল অবশ্য একেবারে অখ্যাত কোনো খেলোয়াড় নন। বার্মিংহাম সিটির হয়ে প্রথম বিভাগে খেলেছেন ১২ বছর, আয়ারল্যান্ডের হয়ে ২০০৭ সালে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। তাঁর নাম কিনা ১ পাউন্ড!