১১৫ মিলিয়নে বার্সেলোনায় যাচ্ছেন গ্রিজমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন মৌসুমে সঙ্গী হচ্ছেন দুজন? ফাইল ছবি
নতুন মৌসুমে সঙ্গী হচ্ছেন দুজন? ফাইল ছবি

জল্পনা-কল্পনার শেষ এসেছে। এক মৌসুম ধরে চলা দলবদলের গুঞ্জনটা সত্যি হতে চলেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের ক্যাম্প থেকে ন্যু ক্যাম্পে ভিড়ছেন আঁতোয়ান গ্রিজমান। ১১৫ মিলিয়নের বিনিময়ে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে নিয়ে যাচ্ছে বার্সেলোনা। অন্তত কাতালান পত্রিকা স্পোর্তের প্রথম পাতার সংবাদ যদি ভুল না হয়ে থাকে! বিশ্বের নির্ভরযোগ্য অনেক গণমাধ্যম ও বার্তা সংস্থাও বলছে, বড় কিছু না ঘটলে বার্সেলোনায় গ্রিজমানের নাম লেখানো এখন সময়ের ব্যাপার। 


স্পোর্ত কাল তাদের শীর্ষ খবর হিসেবে গ্রিজমানের দলবদলকেই বেছে নিয়েছে, অবশেষে অ্যাটলেটিকো বার্সেলোনার মধ্যে সমঝোতা হচ্ছে। ২০১৭-১৮ মৌসুমের শুরুতেই গ্রিজমানকে নিতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু তখন গ্রিজমানের জন্য ২০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ বেঁধে দিয়েছিল অ্যাটলেটিকো। আর মাদ্রিদের দলটি দলবদলের নিষেধাজ্ঞার মধ্যে থাকায় গ্রিজমানও চাননি সিমিওনেকে বিপাকে ফেলতে।

এ মৌসুমেই (জুলাইয়ে) গ্রিজমানের রিলিজ ক্লজ ১০০ মিলিয়নে নেমে আসছে। আর অ্যাটলেটিকোও চাইলে গ্রিজমানের বদলি জোগাড় করতে পারবে। বার্সেলোনা ও গ্রিজমান তাই এবারই দলবদলটা সেরে নিতে চায়। কিন্তু অ্যাটলেটিকো ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেনি। তাই প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক যেন খারাপ না হয়, সেটা নিশ্চিত করতে চায় কাতালানরা। এ কারণে রিলিজ ক্লজের চেয়ে ১৫ মিলিয়ন ইউরো বেশি দেবে বার্সেলোনা। অ্যাটলেটিকো চাইলে সেটা আরও ৫ মিলিয়ন বাড়িয়ে দেবে বার্সেলোনা।

অ্যাটলেটিকো অবশ্য এমন কোনো চুক্তি হওয়া দূরে থাক, বার্সেলোনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে এটা মানতেই নারাজ। তবে স্প্যানিশ অন্য সংবাদমাধ্যমগুলোও বলছে, এবারের উয়েফা ইউরোপা লিগের ফাইনালই হবে অ্যাটলেটিকোর জার্সি গায়ে গ্রিজমানের শেষ ম্যাচ। ইউরোপা লিগের ফাইনালের আগে দলের খেলোয়াড়দের মনোযোগ যেন সরে না যায়, এ কারণেই অ্যাটলেটিকো এমনটা করছে বলে অনেকের অনুমান। না হলে তারাও ঘোষণা দিয়ে দিত।