১,১৬২ দিন পর গোল, সিটির টানা চার
লিগ কাপ ফাইনালকে ম্যানচেস্টার সিটি কি তাহলে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ বানিয়ে ফেলল?
ওল্ড ট্র্যাফোর্ডে কাল লিগ কাপ সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। মর্যাদার এই ‘ম্যানচেস্টার ডার্বি’তে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো লিগ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টারের ‘নীল’ অংশ-সিটি। ২০১৪ সাল থেকে ধরলে এর আগের সাত ফাইনালের মধ্যে পাঁচবারই শিরোপা লড়াই করেছে সিটি। চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার!
ইংলিশ প্রিমিয়ার লিগে করোনার প্রকোপ বাড়ায় বেশ ভালো ক্ষতিগ্রস্ত হয়েছিল সিটি। ৮ খেলোয়াড় সংক্রমিত হওয়ায় সিটি ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর একটি। ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে তাই মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে থাকার কথা স্বীকারও করেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। ইংলিশ সেন্টার ব্যাক জন স্টোনস দারুণ খেলেছেন সিটির রক্ষণভাগে।
বিরতির পর ৫০ মিনিটে ওলে গুনার সুলশারের শিষ্যদের সেট পিসে দুর্বলতার সুযোগ নিয়ে গোলও করেন স্টোনস। ফিল ফডেনের ফ্রি কিক থেকে গোলটি করেন তিনি। সিটির হয়ে ১ হাজার ১৬২ দিন পর গোল পেলেন তিনি। ক্লাবটির হয়ে তাঁর সর্বশেষ গোল ২০১৭ সালের নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে। ৮৩ মিনিটে সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দিনহো। তবে স্টোনস ‘আত্মঘাতী’ গোলও করেছিলেন। কিন্তু ইউনাইটেড তারকা মার্কাস রাশফোর্ড অফসাইড থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি। সিটি মিডফিল্ডার ইকায় গুন্দোগানের গোলও অফসাইডের কারণে বাতিল হয়।
২৫ এপ্রিল লিগ কাপের ফাইনালে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে সিটি। জোসে মরিনিওর টটেনহামকে হারাতে পারলে লিভারপুলের টানা চারবার লিগ কাপ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে গার্দিওলার দল। ২০১১ সালের পর এই প্রথমবারের মতো পুরোনো ‘শত্রু’র মুখোমুখি হবেন গার্দিওলা। বার্সেলোনার কোচ থাকতে ৯ বছর আগে কোপা ডেল রে ফাইনালে মরিনিওর রিয়াল মাদ্রিদের কাছে হেরেছেন এই স্প্যানিশ কোচ। ওদিকে ইউনাইটেড কোচ ওলে গুনার সুলশারের মন ভালো থাকার কথা নয়। গত ১২ মাসে এ নিয়ে চারটি সেমিফাইনাল থেকে ছিটকে পড়ল তাঁর দল।
গত মৌসুমে এই লিগ কাপেরই সেমিতে সিটির কাছে হেরেছিল সুলশারের ইউনাইটেড। এরপর এফএ কাপে চেলসি এবং ইউরোপা লিগের শেষ চারে সেভিয়ার কাছে হেরে বিদায় নেয় ইউনাইটেড। ক্লাবটির কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে তুলনা করলে সুলশার হয়তো লজ্জাই পাবেন। ইউনাইটেডে ২৬ বছরের কোচিং ক্যারিয়ারে মাত্র ছয়বার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ফার্গির ইউনাইটেড।